চার বছরে প্রথমবার জাপানে কমল বিদেশী পর্যটক

জাপানে বিদেশী পর্যটক ভ্রমণের হার চার বছরে প্রথমবার কমেছে।

মূলত চীন সরকারের পক্ষ থেকে জাপানে ভ্রমণের ওপর সতর্কতা জারি করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে দেশটির পর্যটন শিল্পে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের (জেএনটিও) বুধবার প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে। খবর নিক্কেই এশিয়া।

সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, জাপান ভ্রমণে আসা গত জানুয়ারিতে চীনা পর্যটকের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময় চীন থেকে ৩ লাখ ৮৫ হাজার ৩০০ জন পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। অন্যদিকে হংকং থেকে আসা পর্যটকের সংখ্যা ১৭ দশমিক ৯ শতাংশ কমে দুই লাখে নেমেছে। এর আগে ডিসেম্বরেও চীন থেকে পর্যটক ভ্রমণের হার ৪৫ দশমিক ৩ শতাংশ কমেছিল। অথচ ২০২৫ সালের জানুয়ারি-অক্টোবর পর্যন্ত এ খাতে ৪০ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।

জাপানের সরকারি পর্যটন সংস্থার তথ্যানুযায়ী, পর্যটক সংখ্যায় এ বড় পতনের মূল কারণ রাজনৈতিক অস্থিরতা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত নভেম্বরে তাইওয়ান ইস্যুতে একটি মন্তব্য করেন। এতে বেইজিং অসন্তুষ্ট হয় এবং চীনা নাগরিকদের জাপান ভ্রমণে নিরুৎসাহিত করে। এছাড়া গত বছর চান্দ্র নববর্ষের ছুটি জানুয়ারিতে থাকলেও এবার তা ফেব্রুয়ারিতে পড়েছে। সময়ের এ পরিবর্তনের কারণেও গত বছরের তুলনায় পর্যটক সংখ্যার বড় পার্থক্য তৈরি হয়েছে। চীন থেকে পর্যটক ভ্রমণের হার কমলেও অন্যান্য দেশের চিত্র ভিন্ন। দক্ষিণ কোরিয়া থেকে এখন সবচেয়ে বেশি পর্যটক জাপান ভ্রমণ করছে।

দেশটি থেকে জানুয়ারিতে পর্যটক আসার হার ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ১১ লাখ ৭৬ হাজারে পৌঁছেছে। কোনো একটি নির্দিষ্ট দেশ থেকে এক মাসে ১১ লাখের বেশি পর্যটক আসার রেকর্ড এ প্রথম। এছাড়া তাইওয়ান থেকে জাপান ভ্রমণ করা পর্যটকের সংখ্যা ১৭ শতাংশ বেড়ে ৬ লাখ ৯৪ হাজার ৫০০-তে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া থেকেও রেকর্ডসংখ্যক পর্যটক এখন জাপান ভ্রমণ করছে।

পর্যটকের এ নিম্নমুখী প্রবণতা জাপান সরকারের ভবিষ্যৎ লক্ষ্যমাত্রাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। ২০২৫ সালে ৪ কোটি ২৭ লাখ বিদেশী পর্যটক জাপান ভ্রমণের রেকর্ড তৈরি করেছিল। দেশটির সরকার ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা ছয় কোটিতে উন্নীত করতে চায়। তবে ট্রাভেল এজেন্সি জেটিবি পূর্বাভাস দিয়েছে ২০২৬ সালে পর্যটক সংখ্যা কমে ৪ কোটি ১৪ লাখে নামতে পারে।

চীন ও জাপানের মধ্যে বর্তমানে উড়োজাহাজ চলাচলের সংখ্যা কমেছে। বিশেষ করে গ্রুপ ট্যুরে ভ্রমণের হার অনেক কমেছে। এ পরিস্থিতিতে জাপানি খুচরা বিক্রেতারা এখন এশিয়ার অন্যান্য দেশসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের পর্যটকদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। এ লক্ষ্যেই তারা এখন নিজেদের পণ্য ও বিপণন কৌশল বদলে ফেলছেন।

আরও