ব্র্যাক ব্যাংকের কার্ডে ৭.৫% ছাড় দেবে আরোগ্য, ল্যাব টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ

এ অংশীদারত্বের আওতায় ‘আরোগ্য’ অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় ব্যাংকটির কার্ডহোল্ডাররা মোট বিলের ওপর ৭ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন।

ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায় ‘আরোগ্য’ অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় ব্যাংকটির কার্ডহোল্ডাররা মোট বিলের ওপর ৭ দশমিক ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পাবেন। এছাড়া ল্যাব টেস্টে পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। আরোগ্যের নিজস্ব অফার ও ব্যাংকের ছাড় মিলিয়ে ল্যাব টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের হেড অব ক্রেডিট কার্ড মিথিলা আলমগীর জুহি ও হেড অব ডেবিট কার্ড রাসিফ আল করিম এবং আরোগ্যের ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ) আহমেদ সাজিদ, পার্টনারশিপ লিড নিবরাস আব্দুল্লাহ করিম ও বিজনেস ডেভেলপমেন্ট জুনিয়র এক্সিকিউটিভ শাহরিয়া রাফি উপস্থিত ছিলেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। তাই মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়াটা সহজ ও সাশ্রয়ী হওয়া উচিত। ‘আরোগ্য’-এর মতো একটি নির্ভরযোগ্য ডিজিটাল প্লাটফর্মের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা আরো সহজ করতে চাই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ উদ্যোগটি মূলত বিভিন্ন কৌশলগত চুক্তি ও বিশেষ সুবিধার মাধ্যমে কার্ডহোল্ডারদের লাইফস্টাইলকে আরো সমৃদ্ধ করতে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন। ‘আরোগ্য’-এর সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের জন্য স্বাস্থ্যসেবা সামগ্রী এবং ডায়াগনস্টিক সেবাপ্রাপ্তি আরো সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলবে বলেও আশা করা হচ্ছে।

আরও