যশোর-বেনাপোল সড়ক ছয় লেনে উন্নীত করতে না পারলে এ পথে ব্যবসা-বাণিজ্যে গতি ফিরবে না বলে মন্তব্য করেছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে গতকাল যশোর চেম্বার অব কমার্সের এক বৈঠকে তিনি এ কথা বলেন। বন্দরের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবীর তরফদার।
সভায় আরো উপস্থিত ছিলেন যশোর চেম্বারের সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, নির্বাহী সদস্য নুরুজ্জামান লিটন, আবদুল হামিদ চাকলাদার ও সাইফুল ইসলাম লিটন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক শামসুল আলম ও ফাতেমা ইয়াসমিন।
বৈঠকে যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘যশোর-বেনাপোল সড়কটি ছয় লেনে উন্নীত করতে না পারলে এ পথে বাণিজ্যে গতি ফিরে আসবে না।’
বেনাপোল কাস্টমস ও বন্দর থেকে সরকার প্রতি বছর ৭ হাজার কোটি টাকা আয় করে উল্লেখ করে তিনি বলেন, ‘অথচ এটিকে আন্তর্জাতিক মান অনুযায়ী গড়ে তোলা যায়নি। তাই অতি দ্রুত কনটেইনারে পণ্য ওঠা নামার ব্যবস্থা ও আন্তর্জাতিক মানের শেড নির্মাণ করতে হবে।’ বন্দরকে আরো গতিশীল করতে ব্যবসায়ী, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সেতুবন্ধ গড়ে তোলার আহ্বান জানান মিজানুর রহমান খান।
পরে যশোর চেম্বারের নেতারা বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি উপস্থাপন করেন।