আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ২ শতাংশের বেশি।

আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহের লেনদেনের শেষদিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে ২ শতাংশের বেশি। বিশ্বব্যাপী পণ্যটির অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা দাম কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনার সম্ভাব্য প্রভাবও বিবেচনা করছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্স।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত শুক্রবার কমেছে ব্যারেলে ১ ডলার ৬০ সেন্ট বা ২ দশমিক ৫৭ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৬০ ডলার ৬৪ সেন্টে। এ সময় মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম স্থির হয়েছে ব্যারেলপ্রতি ৫৬ ডলার ৭৪ সেন্ট, যা আগের দিনের তুলনায় ১ ডলার ৬১ সেন্ট বা ২ দশমিক ৭৬ শতাংশ কম।

বছরের হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে যথাক্রমে ১৯ ও ২১ শতাংশ। বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বছরের বিভিন্ন সময় জ্বালানি তেলের দাম স্বল্পমেয়াদে বাড়লেও অতিরিক্ত সরবরাহের সম্ভাবনায় দীর্ঘমেয়াদে তা নিম্নমুখী আছে।

খাতসংশ্লিষ্টরা জানান, বিনিয়োগকারীরা রাশিয়া-ইউক্রেন শান্তি প্রক্রিয়ার অগ্রগতি ও জ্বালানি তেলের ভবিষ্যৎ মূল্যে সম্ভাব্য প্রভাব পর্যবেক্ষণ করছেন। আলোচনায় ইতিবাচক ফলাফল এলে রাশিয়ার ওপর আরোপিত আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে।

ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল রফতানির ওপর মার্কিন প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে। হোয়াইট হাউজ সামরিক বাহিনীকে আগামী দুই মাসের জন্য ভেনিজুয়েলার জ্বালানি তেলের ‘কোয়ারেন্টাইন’ কার্যক্রমে নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে। এর লক্ষ্য হলো নিষেধাজ্ঞার আওতায় থাকা জ্বালানি তেল পরিবহন নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক বাজারে দেশটির প্রবেশ সীমিত করা। তবে বিশ্লেষক প্রতিষ্ঠান এইজিস হেজিং জানিয়েছে, জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে এর প্রভাব এ মুহূর্তে নগণ্য। বিনিয়োগকারীদের মূল মনোযোগ মূলত বিশ্বব্যাপী জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ এবং রাশিয়া ইউক্রেন-শান্তি আলোচনার দিকে।

আরও