সাতক্ষীরায় খোলাবাজারে আটা-ময়দার দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে পণ্য দুটির দাম। ব্যবসায়ীরা জানান, পরিবহন খরচ বাড়ায় পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। এর সরাসরি প্রভাবে খুচরা বাজারেও দাম বেড়েছে।
সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের সরদার স্টোরে গতকাল খুচরা পর্যায়ে খোলা আটা প্রতি কেজি ৫০ ও ময়দা ৬০ টাকায় বিক্রি হয়। এক সপ্তাহ আগে আটা প্রতি কেজি ৪০ ও ময়দা ৫০ টাকায় বিক্রি হয়। হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল হাকিম জানান, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারিতে আটা-ময়দার দাম বেড়েছে। ফলে খুচরা পর্যায়েও তার প্রভাব পড়েছে।
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের আটা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের পরিচালক গোবিন্দ সাধু জানান, দেশে জ্বালানি তেলের দাম বাড়ায় হঠাৎ পরিবহন খরচ বেড়ে গেছে। এতে এক সপ্তাহের ব্যবধানে আটা-ময়দার দাম পাইকারিতে মণপ্রতি প্রায় ২০০ টাকা বেড়েছে।
সাতক্ষীরা শহরের পিএন হাইস্কুল এলাকার আহাদ রেস্তোরাঁর স্বত্বাধিকারী আব্দুল আহাদ জানান, চাহিদা অনুযায়ী প্রতি সপ্তাহে ১৫-১৬ মণ আটা ও ময়দা কিনতে হয়। ছয়-সাতদিন ধরে খুচরা পর্যায়ে ময়দা ও আটা প্রতি মণে ৪০০ টাকা করে দাম বেড়েছে।
সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাজারে অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। ব্যবসায়ীদের পণ্য আমদানিতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পণ্যের দাম বাড়িয়েছেন তারা। তার পরও বাজারে খোঁজ নিয়ে পদক্ষেপ নেয়া হবে।’