অভ্যন্তরীণ সরবরাহ বৃদ্ধি

জুলাইয়ে চীনে কয়লা আমদানি কমেছে ২৩%

চীনে জুলাইয়ে কয়লা আমদানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ।

চীনে জুলাইয়ে কয়লা আমদানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫৬ লাখ ১০ হাজার টনে। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর মাইনিং উইকলি।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় অন্যান্য দেশ থেকে চীনে কয়লা আমদানির চাহিদা কমেছে।

এদিকে জুলাইয়ের আমদানি জুনের তুলনায় বেশি ছিল। জুনে চীনের কয়লা আমদানির পরিমাণ দুই বছরের সর্বনিম্নে নেমে গিয়েছিল।

এলএসইজির লিড কোল অ্যানালিস্ট টবি হাসল বলেন, ‘‌চীনে চাহিদার তুলনায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ায় আমদানি কমেছে। নবায়নযোগ্য শক্তির প্রবৃদ্ধি কয়লার ওপর নির্ভরতা কমিয়েছে।’

আগামীতে চীন সরকার উৎপাদন কমিয়ে অতিরিক্ত সরবরাহ নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেবে কিনা বাজার বিশ্লেষকরা বর্তমানে সেদিকে নজর রাখছেন। ন্যাশনাল এনার্জি অ্যাডমিনিস্ট্রেশন (এনইএ) ২০ জুলাই আটটি প্রদেশের কয়লা খনিতে তদন্ত চালানোর নির্দেশনা দেয়। এরপর কোকিং কয়লার দাম হঠাৎ বেড়ে যায়। বাজারসংশ্লিষ্টরা ধারণা করছেন, এ তদন্ত নির্দেশনার কারণে সরবরাহ ব্যাহত হতে পারে।

এলএসইজির বিশ্লেষকরা বলেন, ‘‌যদি এ তদন্ত বাস্তবায়ন হয়, তাহলে চীনের অভ্যন্তরে কয়লার দাম আবার বাড়তে পারে। এর প্রভাব পড়বে সমুদ্রপথে কয়লা আমদানির ওপরও।’

তবে তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানিয়েছে, এ নির্দেশনার প্রভাব অস্থায়ী হতে পারে। প্রতিষ্ঠানটি বলেছে, চীনে অভ্যন্তরীণ কয়লা উত্তোলন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ছে এবং ইস্পাত খাতের চাহিদা কমছে। এসব কারণে কয়লার দাম সামনের দিনগুলোয় বৃদ্ধির আশঙ্কা কম।

চীন এখন বিদেশী কয়লার ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন ও নবায়নযোগ্য শক্তি ব্যবহারের দিকে বেশি ঝুঁকছে। চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) চীনের মোট কয়লা আমদানির পরিমাণ ১৩ শতাংশ কমে ২৫ কোটি ৭৩ লাখ টনে নেমে এসেছে।

আরও