ব্র্যাক ব্যাংক

‘কর্পনেট’-এ এক বছরে ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার লেনদেন

ব্র্যাক ব্যাংক পিএলসির করপোরেট ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্ম ‘কর্পনেট’-এ ২০২৫ সালে ২ লাখ ২৭ হাজার ৩২১ কোটি টাকার ডিজিটাল লেনদেন সম্পন্ন হয়েছে।

প্রায় ৮০ লাখ ট্রানজ্যাকশনের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে বলে গতকাল ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের তথ্যানুযায়ী, প্লাটফর্মটিতে লেনদেনের মোট পরিমাণে বছরে ৪৩ শতাংশ ও লেনদেনের সংখ্যায় ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে ‘কর্পনেট’-এ প্রায় আড়াই হাজার প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে শুধু ২০২৫ সালেই নতুন করে ৯০০টির বেশি করপোরেট ক্লায়েন্ট প্লাটফর্মটিতে যুক্ত হয়েছে।

সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য উপযোগী করে তৈরি ‘কর্পনেট’-এ পেমেন্ট, কালেকশন, রিপোর্টিং ও সার্ভিস রিকোয়েস্টসহ বিভিন্ন ব্যাংকিং সেবা অনলাইনে সম্পন্ন করা যায়। ২৪ ঘণ্টা যেকোনো স্থান থেকে অনুমোদন ও প্রসেসিং সুবিধা থাকায় এটি করপোরেট কার্যক্রমে গতি এনেছে। হোস্ট-টু-হোস্ট কানেক্টিভিটি ও এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ইআরপি সিস্টেমের সঙ্গে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থায় মাল্টিলেভেল সিগনেটরি, অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন ও তাৎক্ষণিক ট্রানজ্যাকশন অ্যালার্ট অন্তর্ভুক্ত রয়েছে। অটোমেটেড পেরোল, বাল্ক পেমেন্ট, সরকারি বিল পরিশোধ ও ডিজিটাল পেমেন্ট ইন্সট্রুমেন্টসহ বিভিন্ন সুবিধা প্লাটফর্মটিকে পূর্ণাঙ্গ ট্রেজারি সলিউশনে রূপ দিয়েছে। ২০২৫ সালে মোট লেনদেনের প্রতি ১০০টির মধ্যে ৮৫টিই ডিজিটালি সম্পন্ন হয়েছে।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘কর্পনেট ম্যানুয়াল কাজ ও কাগজের ব্যবহার কমিয়ে সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়িয়েছে, ফলে গ্রাহকের সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে।’

আরও