কুর্মিটোলায় ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিযোগিতায় ক্লাবের দেশী-বিদেশী সদস্যসহ বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ও ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান গতকাল সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির; উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল; ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী ও উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

প্রতিযোগিতায় ক্লাবের দেশী-বিদেশী সদস্যসহ বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টুর্নামেন্টে দেশী-বিদেশী ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন।

ড্যাফোডিলের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল কুর্মিটোলা গলফ ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

আরও