গত জুনে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে নতুন রেকর্ড তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুযায়ী, ওই সময় যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল উত্তোলন দৈনিক ১ লাখ ৩৩ হাজার ব্যারেল বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ব্যারেলে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের টেক্সাস দেশটিতে সবচেয়ে বেশি জ্বালানি তেল উত্তোলন করে। জুনে এ অঞ্চলের উত্তোলন দৈনিক ১১ হাজার ব্যারেল বেড়ে ৫৭ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা গত এপ্রিলের পর সর্বোচ্চ। দ্বিতীয় বৃহত্তম উত্তোলনকারী নিউ মেক্সিকোয় দৈনিক ৪০ হাজার ব্যারেল বেড়ে মোট উত্তোলন দাঁড়িয়েছে ২২ লাখ ৪০ হাজার ব্যারেলে, যা মার্চের পর সর্বোচ্চ।
এদিকে প্রাকৃতিক গ্যাস উত্তোলনেও নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। ইআইএর ৯১৪ প্রডাকশন রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াই বাদে মূল ভূখণ্ডের অঙ্গরাজ্যগুলোয় জুনে প্রাকৃতিক গ্যাস উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ১২ হাজার ৭০ কোটি ঘনফুটে, যা মে মাসের ১২ হাজার ২০ কোটি ঘনফুটের তুলনায় বেশি। এর আগে মার্চে সর্বোচ্চ ১২ হাজার ৫০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছিল যুক্তরাষ্ট্র।