চলতি অর্থবছরে ৩০ বিলিয়ন ডলার ছাড়াল রেমিট্যান্স

চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষ হওয়ার দুদিন আগেই প্রবাসীরা দেশকে এ নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড হয়েছে। আজ শেষ হতে যাওয়া চলতি অর্থবছরে ৩ হাজার কোটি বা ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষ হওয়ার দুদিন আগেই প্রবাসীরা দেশকে এ নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২৮ জুন পর্যন্ত চলতি অর্থবছরে ৩০ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যেখানে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসীরা ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স বেশি পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তথা গত বছরের ৫ আগস্ট থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন শুরু হয়। প্রবাসী বাংলাদেশীরা আগের যেকোনো সময়ের তুলনায় গত কয়েক মাসে বৈধ পথে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। এ কারণে আগের তুলনায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স বেশি এসেছে। জুনের প্রথম ২৮ দিনে প্রবাসীরা ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। গত বছরের জুনের একই সময়ে ২ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে এসেছিল। ২৮ জুন পর্যন্ত চলতি অর্থবছরে রেমিট্যান্সের প্রবৃদ্ধি ছিল ২৬ দশমিক ৫ শতাংশ।

আরও