মেডবক্স সল্যুশন লিমিটেডের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলোর জন্য ডিজিটাল এসএমই লোন সুবিধা ‘সাফল্য’ চালু করতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। উদ্যোগটি ছোট ফার্মেসিগুলোর অর্থায়ন-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে।
মেডবক্স সল্যুশন লিমিটেড বাংলাদেশে একটি ইন্টিগ্রেটেড বি-টু-বি মেডিসিন ডিস্ট্রিবিউশন চেইন সল্যুশন প্রদানকারী প্রতিষ্ঠান। চুক্তির আওতায় মেডবক্সের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো ব্র্যাক ব্যাংকের ‘সুবিধা’ অ্যাপ ব্যবহার করে ইনস্ট্যান্ট ডিজিটাল এসএমই লোন ‘সাফল্য’ গ্রহণ করতে পারবে।
‘সাফল্য’ দেশের প্রথম ইনস্ট্যান্ট এসএমই লোন সুবিধা। এ লোন পেতে গ্রাহকদের কোনো ধরনের কাগজপত্র জমা দেয়া বা দীর্ঘ অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না।
সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন ও মেডবক্স সল্যুশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী আশিকুর রাসুল এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৈয়দ আব্দুল মোমেন বলেন, আমাদের এ চুক্তির মাধ্যমে মাধ্যমে দেশের প্রথম এসএমই ডিজিটাল লোন সুবিধা পৌঁছে যাচ্ছে ফার্মেসি উদ্যোক্তাদের কাছে। এ উদ্যোগ উদ্ভাবনী ফাইন্যান্সিয়াল সল্যুশনের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করার ব্যাপারে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।
কাজী আশিকুর রাসুল বলেন, এ সহযোগিতার ফলে আমাদের সঙ্গে যুক্ত ফার্মেসিগুলো তাদের সুবিধামতো ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা পাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি তাদের পরিচালন দক্ষতা, মজুদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। -বিজ্ঞপ্তি