রফতানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আংশিক রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়। ফলে বিদ্যমান বন্ড ব্যবস্থাপনার শর্ত মেনে যেসব রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের পক্ষে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্স নেয়া সম্ভব হয়ে ওঠে না, তাদের জন্য শুল্ক-কর পরিশোধ না করে কাঁচামাল বা পণ্য আমদানির সুযোগ তৈরি হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্কমুক্ত এ সুবিধা পেতে আমদানিকারক কোম্পানিকে আমদানীকৃত পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ নিরূপিত ‘শুল্ক করাদির সমপরিমাণ ব্যাংক গ্যারান্টি’ জমা দিতে হবে।
এতদিন কেবল বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সপ্রাপ্ত শতভাগ রফতানিমুখী শিল্প-কারখানা এ ধরনের সুবিধা পেত। নতুন নিয়মে শতভাগ রফতানিমুখী হওয়ার শর্ত না থাকায়, শুধু রফতানি করলেই এ সুবিধা পাওয়া যাবে।