পর্যটন খাতে দ্রুত অগ্রগতির মাধ্যমে ‘ভিশন ২০৩০’ লক্ষ্যপূরণে আরো এক ধাপ এগোল সৌদি আরব। প্রাথমিক সরকারি তথ্যানুযায়ী, ২০২৫ সালে দেশটি আনুমানিক ১২ কোটি ২০ লাখ পর্যটক পেয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। খবর আরব নিউজ।
উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ প্রণয়নের শুরুতে সৌদি আরবে বার্ষিক ১০ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে তা সময়ের আগেই অর্জিত হওয়ায় লক্ষ্য বেড়ে ১৫ কোটিতে পৌঁছে। এর মধ্যে সাত কোটি আন্তর্জাতিক ও আট কোটি দেশীয় পর্যটক অন্তর্ভুক্ত।
দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর সৌদি আরবে পর্যটন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার কোটি রিয়াল বা ৮ হাজার ১০০ কোটি ডলারের সমপরিমাণ, যা ২০২৪ সালের তুলনায় ৬ শতাংশ বেশি।
খাতসংশ্লিষ্টরা জানান, পর্যটন গন্তব্যগুলোয় কৌশলগত বিনিয়োগ, ভিসানীতি সংস্কার ও আতিথেয়তা অবকাঠামোর সম্প্রসারণসহ বিভিন্ন উদ্যোগ দর্শনার্থী আকর্ষণে সহায়ক ভূমিকা রাখছে।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এক বার্তায় এ অর্জনের কথা তুলে ধরে সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দেশের শীর্ষ কর্তৃপক্ষের সমর্থনেই পর্যটন খাতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।’
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া বক্তৃতায় আল-খতিব বলেন, ‘সৌদি পর্যটন এখন আর নতুন কোনো খাত নয়। এটি এখন দেশের প্রবৃদ্ধির চালিকাশক্তি। খাতটি বিনিয়োগকারীদের আস্থা জোরদার করছে।’
সৌদি পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সৌদি আরব মোট ১১ কোটি ৬০ লাখ পর্যটককে স্বাগত জানায়। এর মধ্যে আন্তর্জাতিক পর্যটক ছিল ২ কোটি ৯৭ লাখ, যা এর আগের বছরের তুলনায় ৮ শতাংশ বেশি। ওই সময় দেশটির অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা দাঁড়ায় ৮ কোটি ৬২ লাখ, যা ২০২৩ সালের তুলনায় ৫ শতাংশ বেশি।
আল-খতিবের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বর্তমানে পর্যটন খাত থেকে বৈশ্বিক জিডিপির প্রায় ১৮ শতাংশ আসে। সৌদি জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৫ শতাংশ।
গত অক্টোবরে অনুষ্ঠিত নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে আল-খাতিব বলেন, ‘পাঁচ বছরের মধ্যে জিডিপিতে পর্যটনের এ অবদানকে আমরা দ্বিগুণে নিয়ে যেতে চাই।’