মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এক ফেডারেল তহবিল চুক্তি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। প্রস্তাবটি মেনে নিলে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দিষ্ট নীতি অনুসরণে বাধ্য করা হতো, যার বিনিময়ে তারা অগ্রাধিকার ভিত্তিতে ফেডারেল তহবিল পেত। খবর বিবিসি।
যুক্তরাষ্ট্রের এডুকেশন সেক্রেটারি লিন্ডা ম্যাকমাহনকে পাঠানো এক চিঠিতে এমআইটির প্রেসিডেন্ট স্যালি কর্নব্লুথ বলেন, ‘প্রস্তাবটি বিশ্ববিদ্যালয়ের মত প্রকাশের স্বাধীনতা সীমিত করবে। পাশাপাশি এটি এমআইটির মূল মূল্যবোধের পরিপন্থী।’
প্রস্তাবে বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়গুলোয় বিদেশী শিক্ষার্থী ভর্তি সর্বোচ্চ ১৫ শতাংশে সীমিত রাখতে হবে। রাজনৈতিক বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মন্তব্যও নিয়ন্ত্রণের শর্ত ছিল। পাশাপাশি শুধু নারী ও পুরুষ এ দুই লিঙ্গকে স্বীকৃতি দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। এছাড়া ক্যাম্পাসে বিক্ষোভ হলে তা দমনে প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের অনুমতি দেয়ার কথাও বলা হয়েছিল।
এমআইটির মতোই ব্রাউন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও ইউনিভার্সিটি অব টেক্সাসকেও একই প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।