নমুনা নোট নিয়ে বিভ্রান্তি এড়াতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

সামাজিক যোগাযোগমাধ্যমে আসল টাকার আদলে তৈরি ‘নমুনা নোট’ ব্যবহার ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিওচিত্র ও ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে আসল নোটের ডিজাইন ও আকারের অনুরূপ—কখনো আসল নোটের চেয়ে বড় আকৃতির নমুনা নোট ব্যবহার করে প্রচারণা বা কনটেন্ট তৈরি করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাজারে বা উন্মুক্ত স্থানে আসল টাকার আদলে তৈরি কাগজ ব্যবহার করে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রচারণার ঘটনাও লক্ষ করা যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড জাল নোটের প্রচলন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে এবং সামগ্রিক মুদ্রা ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করে তুলতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আসল নোট সদৃশ কাগজ তৈরি, প্রচারণায় ব্যবহার বা ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৪৮৯(ঙ) অনুযায়ী, প্রচলিত ব্যাংক নোটের সদৃশ ও বিভ্রান্তি সৃষ্টিতে সক্ষম কোনো নথি, কাগজ বা বস্তু প্রস্তুত, ব্যবহার বা বিতরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া ডিজিটাল মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর বা গুজবমূলক তথ্য প্রচারের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ধারা ২৫ অনুসারে তা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জনসাধারণকে জাল নোট প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও অননুমোদিত প্রচারণা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে তারা।

আরও