সরবরাহ কমায় দাম বেড়েছে আকরিক লোহার

আকরিক লোহার দামে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে গতকাল।

আকরিক লোহার দামে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে গতকাল। এর কারণ হিসেবে সামনে এসেছে চীনের উত্তরাঞ্চলে ইস্পাত উৎপাদন হ্রাস এবং বৈশ্বিক সরবরাহ চেইনে সংকট। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) আগামী জানুয়ারির সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৫৭ শতাংশ বেড়ে স্থির হয় টনপ্রতি ১১১ দশমিক ৩২ ডলারে (৭৯৯ দশমিক ৫ ইউয়ান)। অন্যদিকে সিঙ্গাপুরে সেপ্টেম্বরের বেঞ্চমার্ক চুক্তির দাম দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে টনপ্রতি ১০৪ দশমিক ৫ ডলারে পৌঁছেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সেখানকার ইস্পাত কারখানাগুলোয় উৎপাদন সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে। এএনজেড ব্যাংকের বিশ্লেষকদের মতে, সরকার কর্তৃক আরোপিত এ ধরনের নিয়ন্ত্রণ সাধারণত ইস্পাতের দাম ও মুনাফার হার বাড়ায়, যা আকরিক লোহার মূল্যবৃদ্ধিতেও ভূমিকা রাখে।

অন্যদিকে বিশ্বের শীর্ষ আকরিক লোহা রফতানিকারক দেশ অস্ট্রেলিয়া থেকে সরবরাহ কমে যাওয়ায় বৈশ্বিক মজুদ কমেছে। এতে ইস্পাত কারখানাগুলো মজুদ বাড়ানোয় দৈনিক হট মেটাল উৎপাদন বেড়েছে। ফলে আকরিক লোহার চাহিদাও বেড়েছে বলে জানিয়েছে হেক্সুন ফিউচার্স।

গ্যালাক্সি ফিউচার্স জানিয়েছে, দেশীয় নির্মাণ খাতে চাহিদা কিছুটা কমলেও উৎপাদন শিল্প ও বিদেশী বাজারে অপরিশোধিত ইস্পাতের চাহিদা তুলনামূলকভাবে বেশি।

আরও