কিয়ার বিদ্যুচ্চালিত মডেল ইভি৫ বাহন হিসেবে বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠেছে। এবার দক্ষিণ কোরিয়ার বাজারে উন্মোচন হয়েছে এ ইলেকট্রিক স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল (এসইউভি), যা দেশটির ফ্যামিলি সাইজ ইভির বাজারে শীর্ষস্থানে উঠে আসবে বলে ধারণা কোম্পানিটির। এর আগে একই বাজারে ইভি৬, ইভি৯, ইভি৩ ও ইভি৪ উন্মোচন করে কিয়া। সর্বশেষ মডেল হিসেবে ইভি৫-এ থাকছে হালনাগাদ সুরক্ষা ব্যবস্থা ও ফিচার। দক্ষিণ কোরিয়ায় কিয়ার ব্যবসা বিভাগের প্রধান জং ওয়ান-জং বলছেন, ‘প্রচলিত এসইউভির আকারে তৈরি হয়েছে ইভি৫। কোরিয়ায় জনপ্রিয় হয়ে ওঠা ইভির বাজারে এটি নতুন মান প্রস্তাব করছে। যারা সাশ্রয়ী মূল্যের পারিবারিক ইভি কেনার কথা ভাবছেন, তাদের জন্য ইভি৫ হবে সবচেয়ে আকর্ষণীয় পছন্দ।’ নতুন এ সংস্করণে প্রথমবারের মতো হুন্দাই মোটর গ্রুপের অ্যাকসিলারেশন কন্ট্রোল অ্যাসিস্ট্যান্স যোগ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে পেডাল চেপে ধরার ক্ষেত্রে ফিচারটি চালককে সতর্ক করে দেবে। ঘণ্টায় ৮০ কিলোমিটারের কম গতি ও পেডাল দীর্ঘ সময় ধরে চাপা থাকলে ডিসপ্লেতে একটি পপ-আপ মেসেজ আসবে। চালক যদি তাৎক্ষণিকভাবে অ্যাকসেল বাড়ানো বন্ধ করেন, গাড়ি স্বয়ংক্রিয়ভাবে অ্যাকসেল নিয়ন্ত্রণ করে নিরাপত্তা নিশ্চিত করবে। বিদ্যুচ্চালিত এ বাহনে শক্তি সরবরাহে ব্যবহার হচ্ছে চীনা ব্যাটারি নির্মাতা সিএটিএলের সেল। কিয়া ইভি৫ প্রতি চার্জে ৪৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। চীনা ব্যাটারি ব্যবহারের কারণ হিসেবে সরবরাহ চেইনে বৈচিত্র্যায়ণের প্রচেষ্টার কথা উল্লেখ করেছে কিয়া। শুরুতে কোরিয়ান বাজারের জন্য উৎপাদন হলেও চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) ইভি৫-এর নতুন সংস্করণটি ইউরোপে এবং আগামী বছর কানাডায় রফতানির পরিকল্পনা রয়েছে। কিয়া জানিয়েছে, শুল্ক ও প্রণোদনা অনিশ্চয়তার কারণে তারা আপাতত যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। ২০২৩ সালের নভেম্বরে চীনে প্রথমবার উন্মোচন হয় ইভি৫। দেশটির কারখানায় কিয়া উৎপাদিত প্রথম ইভিও ছিল এটি। চীনের জিয়াংসু প্রদেশে যৌথ প্লান্টে উৎপাদিত মডেলটি গত জুন থেকে থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মতো উদীয়মান বাজারে রফতানি হচ্ছে। সরকারি কর প্রণোদনা সুবিধাসহ দক্ষিণ কোরিয়ায় কিয়া ইভি৫-এর প্রারম্ভিক মূল্য ধরা হয়েছে ৩৪ হাজার ৮০০ ডলার। খবর কোরিয়া হেরাল্ড