চীনে সাশ্রয়ী মূল্যের হোটেলে বিনিয়োগে আগ্রহ বৈশ্বিক হোটেল চেইনগুলোর

অর্থনৈতিক স্থবিরতার কারণে ব্যয় কমিয়ে দিয়েছে চীনা পর্যটকরা। তা সত্ত্বে দেশটিতে ব্যবসা সম্প্রসারণ করছে আন্তর্জাতিক হোটেল চেইনগুলো।

অর্থনৈতিক স্থবিরতার কারণে ব্যয় কমিয়ে দিয়েছে চীনা পর্যটকরা। তা সত্ত্বে দেশটিতে ব্যবসা সম্প্রসারণ করছে আন্তর্জাতিক হোটেল চেইনগুলো। বাজেট-সচেতন পর্যটকদের আকৃষ্ট করতে সাশ্রয়ী ও মধ্যমমানের হোটেলে বিনিয়োগ করছে তারা। এক্ষেত্রে কক্ষ ভাড়ার হার খুব বেশি না বাড়িয়ে মুনাফা নিশ্চিতের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। খবর ফাইন্যান্সিয়াল টাইমস।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনে ব্যবসার পরিসর বাড়িয়েছে, এমন বৈশ্বিক হোটেল চেইনের মধ্যে আছে হায়াত হোটেল করপোরেশন, ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি) ও র‍্যাডিসন হোটেলস। তরুণ ও সাশ্রয়ী পর্যটকদের আকৃষ্ট করতে কিছু ক্ষেত্রে নিজেদের ফাঁকা অফিস ভবনগুলোকে হোটেলে রূপান্তর করছে এসব কোম্পানি।

গ্র্যান্ড হায়াত ও হায়াত রিজেন্সির মতো বিলাসবহুল ব্র্যান্ডের জন্য পরিচিত মার্কিন হোটেল গ্রুপ হায়াত। বিশ্বব্যাপী গ্রুপটি ১ হাজার ৩০০টির বেশি হোটেল পরিচালনা করছে। চীনে তাদের ১৭০টি হোটেল আছে। আগামী চার বছরে আরো ১৪০টি হোটেল চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক উরকোভ ব্র্যান্ডের অংশ হিসেবে মিড-রেঞ্জের হোটেল হিসেবে পরিচালিত হবে।

আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গাভেকালের ভোক্তা বাজার বিশ্লেষক এরনান কুই বলেন, ‘‌মন্থরগতির অর্থনীতির কারণে অনেক চীনা নাগরিক খরচের ব্যাপারে বেশি সতর্ক হয়েছেন। তবে তারা এখনো ভালো মানের পরিষেবা চান। ফলে মাঝারি ও উচ্চমানের হোটেলগুলো বেশি জনপ্রিয় হচ্ছে। বিলাসবহুল হোটেলের তুলনায় সেগুলো দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে পারে।’

চীনে হায়াতের ব্যবসা দেখভালকারী স্টিফেন হো বলেন, ‘‌কিছু হোটেল মালিক খালি অফিস স্পেস ভাড়া নিয়ে সেগুলোকে সাশ্রয়ী মূল্যের হোটেলে রূপান্তর করছেন। চীনে প্রধান প্রযুক্তি শহর শেনজেনে হায়াতের উরকোভ ব্র্যান্ডের সাতটি হোটেল খালি অফিস ভবনে তৈরি করা হয়েছে।’

বৃহত্তর চীনে আইএইচজির প্রধান ড্যানিয়েল আইলমার বলেন, ‘‌চীনের মূল ভূখণ্ড, হংকং, ম্যাকাও, তাইওয়ানসহ বৃহত্তর চীন অঞ্চলে আইএইচজির বিদ্যমান ও আসন্ন হোটেলের অর্ধেকের বেশি হলিডে ইন ও হলিডে ইন এক্সপ্রেসের মতো মাঝারি মানের ব্র্যান্ডের অধীনে পরিচালিত হবে। সাম্প্রতিক বছরগুলোয় ভবন হোটেলে রূপান্তরের সংখ্যা বেড়েছে, যা গত বছরের প্রথমার্ধে বৃহত্তর চীনে আইএইচজির নতুন হোটেল উদ্বোধনের প্রায় ৩০ শতাংশ। চীনে মানুষের ভ্রমণ অভ্যাস পরিবর্তনের কারণে মাঝারি মানের হোটেলগুলোর দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে।’

বেলজিয়ামভিত্তিক র‍্যাডিসন হোটেলসকে ২০১৮ সালে চীনা প্রতিষ্ঠান জিন জিয়াং ইন্টারন্যাশনাল অধিগ্রহণ করে। হোটেল গ্রুপটি ২০৩০ সালের মধ্যে চীনে প্রায় ৪০০টি নতুন হোটেল চালুর পরিকল্পনা করছে, যার একটি বড় অংশে মাঝারি মানের কক্ষ থাকবে।

আরও