বিএসইসির কমিশন সভা

তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংক পিএলসির ১০০০ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ৮০০ কোটি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্র্যাক ব্যাংক পিএলসির ১০০০ কোটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ৮০০ কোটি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৭৫তম কমিশন সভায় গতকাল এ অনুমোদন দেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যাক ব্যাংকের ১০০০ কোটি টাকার বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেটবিশিষ্ট সোশ্যাল সাব-অর্ডিনেটেড বন্ড। রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত আড়াই শতাংশ মার্জিন যোগ করে বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

অন্যদিকে ইউসিবির ৮০০ কোটি টাকার বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেটবিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড। রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ মার্জিন যোগ করে বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।

এছাড়া কমিশন সভায় ট্রাস্ট ব্যাংকের ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল ও ফ্লোটিং রেটবিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়। রেফারেন্স রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ মার্জিন যোগ করে বন্ডটির কুপন রেট নির্ধারণ করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে, যার প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।

উল্লেখ্য, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাংকগুলোর টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে। এছাড়া বন্ডগুলো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে।

আরও