স্পট মার্কেটে এলএনজির দাম চার মাসের সর্বোচ্চে

ইসরায়েল-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইসরায়েল-ইরান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম চলতি সপ্তাহে চার মাসের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব এশিয়ায় আগস্টে সরবরাহের জন্য চলতি সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১৪ ডলার। এটি গত সপ্তাহের ১২ ডলার ৬০ সেন্টের তুলনায় ১১ শতাংশ বেশি এবং ২১ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ।

এ বিষয়ে ড্যাভেনপোর্ট এনার্জি পার্টনার্সের চেয়ারম্যান টবি কপসন বলেন, ‘গত কয়েক দিনে এলএনজির দাম হঠাৎ বেড়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় জ্বালানি পণ্য কেনাবেচায় অতিরিক্ত খরচ তৈরি হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এশিয়ায় বেশি চাহিদা না থাকলেও সরবরাহ সংকটের আশঙ্কায় কোনো কোনো দেশ আগেই এলএনজি কিনে মজুদ রাখতে চাইতে পারে।’

ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান আইসিআইএসের সিনিয়র এলএনজি অ্যানালিস্ট অ্যালেক্স ফ্রোলি জানান, জুনে চীনের চাহিদা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ কম ছিল। ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাজারে অস্থিরতা চলবে। তবে প্রকৃতপক্ষে সরবরাহ স্থিতিশীল থাকলে বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমতে পারে।’

এখন পর্যন্ত এলএনজি কার্গো সরবরাহে কোনো বড় ধরনের বিঘ্ন ঘটেনি। কাতারএনার্জি জানিয়েছে, হরমুজ প্রণালির বাইরে ট্যাংকারগুলোকে লোডিংয়ের একদিন আগ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

আরগাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র বলেন, ‘‌হরমুজ প্রণালিতে বিঘ্নের কারণে কিছু ক্রেতা, ইউরোপীয়দের চেয়ে বেশি দর দিয়ে আটলান্টিক বেসিন দিয়ে পরিবাহিত এলএনজি কেনার চেষ্টা করতে পারে।

র‍্যাবোব্যাঙ্কের এনার্জি স্ট্র্যাটেজিস্ট ফ্লোরেন্স শ্মিট বলেন, ‘‌তবে হরমুজ প্রণালির পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দীর্ঘমেয়াদে এখনো কম। কাতারের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র বা এলএনজি রফতানি অবকাঠামো কোনো সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হলে দামের ওপর সবচেয়ে বেশি ও দীর্ঘস্থায়ী ঊর্ধ্বমুখী চাপ তৈরি হবে।’

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার আগস্টে সরবরাহের চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১৩ ডলার ৭৪ সেন্টে। অন্যদিকে জুলাইয়ে সরবরাহের চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৩৯ সেন্ট ছাড় দেয়া হয়েছে।

আরগাস জুলাইয়ে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৩ ডলার ৮৩ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ জুলাইয়ে সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১৩ ডলার ৫৯ সেন্ট।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান বলেন, ‘‌উত্তমাশা অন্তরীপ হয়ে যুক্তরাষ্ট্র থেকে উত্তর-পূর্ব এশিয়ায় প্রাকৃতিক গ্যাস পাঠানোর চেয়ে এখন ইউরোপমুখী রফতানিই বেশি লাভজনক। তবে পানামা হয়ে এশিয়ামুখী রফতানি এখনো সুবিধাজনক।’

তিনি জানান, আটলান্টিক মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় চলতি সপ্তাহে বেড়ে গত শুক্রবার দৈনিক ৪৯ হাজার ৭৫০ ডলারে পৌঁছেছে, যা ২০২৩ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। তবে এ সময় প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় দৈনিক ৩২ হাজার ডলারে স্থিতিশীল আছে।

আরও