দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেপ্টেম্বরেও বেড়েছে। টানা চতুর্থ মাসের মতো দেশটির রিজার্ভে বৃদ্ধি দেখা গেছে। প্রধান কারণ হিসেবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা আমানত বৃদ্ধিকে উল্লেখ করেছে ব্যাংক অব কোরিয়া (বিওকে)। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
ব্যাংক অব কোরিয়ার তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪২ হাজার ২০২ কোটি ডলারে। আগের মাসের তুলনায় এটি বেড়েছে ৫৭৩ কোটি ডলার। মে মাসে রিজার্ভ কমে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ৪০ হাজার ৪৬০ কোটি ডলারে নেমেছিল। এরপর টানা চার মাস ধরে রিজার্ভ বাড়ছে দেশটির।
দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রিজার্ভ বৃদ্ধির পেছনে মূলত বিনিয়োগ থেকে বাড়তি আয় এবং জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা আমানত বৃদ্ধির প্রভাব রয়েছে।
রিজার্ভের মধ্যে বৈদেশিক সিকিউরিটিজ (যেমন মার্কিন ট্রেজারি বন্ড) সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪০ কোটি ডলারে। আগের মাসের তুলনায় এটি ১ হাজার ২২৫ কোটি ডলার বেশি।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে জমা রাখা রিজার্ভ ও স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) পরিমাণে কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছে ব্যাংক অব কোরিয়া।
আগস্ট শেষে দক্ষিণ কোরিয়া বিশ্বের দশম বৃহত্তম বৈদেশিক মুদ্রা রিজার্ভধারী দেশ হিসেবে অবস্থান ধরে রেখেছে। তালিকার শীর্ষে রয়েছে চীন, এরপর যথাক্রমে জাপান, সুইজারল্যান্ড, ভারত ও রাশিয়া।