টেসলার বিক্রি স্থগিতের আদেশ এখনই কার্যকর করছে না ক্যালিফোর্নিয়ার নিয়ন্ত্রক সংস্থা। এতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাজারে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠানটি অভিযোগের জবাব দেয়ার জন্য অতিরিক্ত সময় পাচ্ছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকলস (ডিএমভি) টেসলার উৎপাদন ও বিক্রির লাইসেন্স ৩০ দিনের জন্য স্থগিতের আদেশ দিলেও সেটি তাৎক্ষণিকভাবে স্থগিত রাখা হয়েছে। খবর রয়টার্স।
ডিএমভি পরিচালক স্টিভ গর্ডন জানান, সংস্থাটি টেসলাকে পরিস্থিতি ঠিক করার জন্য আরো একবার সুযোগ দিতে চায়।
সংস্থাটির অভিযোগ, টেসলার গাড়িতে ‘অটোপাইলট’ ও ‘ফুল সেলফ ড্রাইভিং’ নাম ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করা হয়েছে। এসব নাম থেকে মনে হতে পারে গাড়িগুলো পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে।
টেসলার আইনজীবী শুনানিতে বলেন, অটোপাইলট ও এফএসডি সফটওয়্যার ব্যবহারে মানব তদারকি প্রয়োজন—এ কথা কোম্পানি ‘স্পষ্ট ও ধারাবাহিকভাবে’ জানিয়েছে। ডিএমভি টেসলার বিক্রির লাইসেন্স ৯০ দিনের জন্য স্থগিত রেখেছে। উৎপাদনের লাইসেন্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত।