দেশের ব্যবসা ও বিপণন খাতের সফলতার নেপথ্যের গল্প, ব্র্যান্ড তৈরির কৌশল এবং বাজারের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে ‘মার্কেট ম্যাভেরিক’ শীর্ষক পডকাস্ট চালু করেছে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পডকাস্টের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
উদ্যোগটির কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে হাভাস ক্রিয়েটিভ লিমিটেড। পাশাপাশি সহযোগী হিসেবে রয়েছে মুভরিল, আই স্ক্রিন, চ্যানেল আই অনলাইন ও দ্য ডেইলি স্টার।
আয়োজকরা জানান, দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি জ্ঞানভিত্তিক প্লাটফর্ম হিসেবে ‘মার্কেট ম্যাভেরিক’ তৈরি করা হয়েছে। এতে অভিজ্ঞ বিপণনবিদদের চিন্তা ও পরিকল্পনার প্রক্রিয়া, আলোচিত বিপণন প্রচারণার নেপথ্যের কৌশল এবং বাজারের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের বিপণন পেশাজীবী, উদ্যোক্তা ও ব্র্যান্ড নির্মাতারা ব্যবসা সম্প্রসারণ এবং কার্যকর বিপণন কৌশল সম্পর্কে ধারণা পাবেন।
পডকাস্টটি সঞ্চালনা করছেন লেখক ও হাভাস ক্রিয়েটিভ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কিঙ্কর আহসান। প্রথম মৌসুমে অতিথি হিসেবে থাকছেন শুভাশীষ ভৌমিক, জোহেব আহমেদ, সাবরিন মারুফ তিন্নি, আসিফ ইকবাল, জীশান কিংশুক হক, একেএম মাহমুদুল হাসান, মো. সাইমুম হোসাইন, ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, এবিএম জাবেদ সুলতান, গোলাম সামদানি, তাজদিন হাসান ও মনির হোসেন।
এ বিষয়ে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজুর রহমান বলেন, ‘ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট শুধু আর্থিক প্রবৃদ্ধিতে নয়, জ্ঞান বিনিময়ের মাধ্যমে পুরো শিল্প খাতকে এগিয়ে নেয়ার ক্ষেত্রেও বিশ্বাসী। আমরা মনে করি, মার্কেট ম্যাভেরিক নতুন প্রজন্মের পেশাজীবী ও ব্র্যান্ড নির্মাতাদের জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাভাস ক্রিয়েটিভের সিইও কিঙ্কর আহসান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া উদ্দিন মাহমুদ, আই স্ক্রিনের প্রধান মাহবুব রহিম উদয়, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রতিনিধি সুমিত পল ও মোহাম্মদ নুরুল আমিন আরমান এবং মুভরিলের পরিচালক (অপারেশনস) সেলিম হোসেন।