নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও পণ্যের বাজার সম্প্রসারণে ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে রয়েছে ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ কর্মসূচি।

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল সক্ষমতার উন্নয়ন এবং পণ্যের বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ব্যাংকটির নারী ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’র আওতায় অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ, নেটওয়ার্কিং ও বিক্রির সুযোগের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রতিষ্ঠা ও সম্প্রসারণের পাশাপাশি ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নতুন বাজার তৈরির সুযোগ সৃষ্টি হচ্ছে। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্র্যাক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ২০২১ সালে চালু হওয়া ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অংশীদারত্বে এক হাজার নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিন মাসের এ কর্মসূচিতে ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা, পরামর্শ ও বাজারে প্রবেশের প্রস্তুতিমূলক দক্ষতার ওপর গুরুত্ব দেয়া হয়।

তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে রয়েছে ব্র্যাক ব্যাংকের ‘আমরাই তারা’ কর্মসূচি। এর আওতায় প্রতি বছর নারী মালিকানাধীন ১ হাজার ২০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উদ্যোক্তাকে ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা, নথিপত্র সংরক্ষণ, ব্র্যান্ডিং, বিপণন এবং ডিজিটাল কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। চার বছরে কর্মসূচিটি দেশের ৬৪ জেলার মধ্যে ৪০টিতে বিস্তৃত হয়েছে।

ডিজিটাল ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে ব্যাংকটি ২০২৪ সাল থেকে ‘উদ্যোগতারা’ কর্মসূচির আওতায় ৩০০ নারী মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে প্রশিক্ষণ দিয়েছে। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং, কৌশলগত বিপণন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল ব্যবহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণে ব্যাংকটি রয়েছে ‘তারা উদ্যোক্তা মেলা’ ও ‘উদ্যোগতারা বাজার-তালিকাভুক্তি কর্মসূচি’। তিন দিনব্যাপী এ উদ্যোক্তা মেলার চারটি আসরে ৪০০ নারী উদ্যোক্তা বিনামূল্যে স্টল নিয়ে পণ্য প্রদর্শন করেছেন। অন্যদিকে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতি তিন মাস অন্তর আয়োজিত বাজার-তালিকাভুক্তি কর্মসূচির মাধ্যমে প্রায় ৬০০ উদ্যোক্তা ব্যাংকের কর্মীদের কাছে পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন।

এ দুই উদ্যোগের মাধ্যমে বছরে নারী উদ্যোক্তাদের ৪ কোটি ৫০ লাখ টাকার বেশি পণ্য বিক্রি হয়। পাশাপাশি পাওয়া যায় ৭০ লাখ টাকার আগাম অর্ডার। এছাড়া ব্যাংকের ১৯৫টি শাখার মাধ্যমে প্রতি বছর প্রায় দুই হাজার নারী উদ্যোক্তাকে ব্যাংকিং সেবা ও আর্থিক সাক্ষরতা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও বাজার সৃষ্টির উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, ‘নারীদের উদ্যোক্তা হয়ে ওঠাকে একটি অর্থনৈতিক সম্ভাবনা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। নারীরা যখন সফল ব্যবসা গড়ে তোলেন, তখন তারা মানুষের জীবিকার সুযোগ সৃষ্টি করেন, নিজেদের পরিবারের পাশে দাঁড়ান এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখেন। ব্যাংক হিসেবে আমাদের দায়িত্ব তাদের এ সম্ভাবনাকে স্বীকৃতি দেয়া এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সুযোগ নিশ্চিত করতে সহায়তা করা। আমরা চাই, আরো বেশি নারী দীর্ঘস্থায়ী ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলুক এবং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ গঠনে তাদের কণ্ঠ আরো জোরালো হোক।’

আরও