অর্থনীতি চাঙ্গা করতে সুদহার কমানোর প্রত্যাশা ভারতে

প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার কমাতে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিএ)।

প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো সুদহার কমাতে যাচ্ছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিএ)। দায়িত্ব নেয়ার পর আজ প্রথম মুদ্রানীতি পর্যালোচনায় এ সিদ্ধান্তে আসতে পারেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। সুদহার কমানোর লক্ষ্য হলো চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা অর্থনৈতিক প্রবৃদ্ধি চাঙ্গা করা। খবর দ্য হিন্দু।

রয়টার্সের এক জরিপে অংশ নেয়া ৬২ জন বিশ্লেষকের মধ্যে ৭০ শতাংশের বেশি, অর্থাৎ ৪৫ জন পূর্বাভাস দেন, মূল রেপো হার ২৫ বেসিস পয়েন্টে কমে ৬ দশমিক ২৫ শতাংশে নেমে আসতে পারে। তবে কিছু বিশ্লেষক উচ্চ মূল্যস্ফীতির কথা বিবেচনায় রেখে বলেছেন, সুদহার অপরিবর্তিত থাকতে পারে।

এমন এক সময়ে মুদ্রানীতি পর্যালোচনা করা হচ্ছে, যখন ভারতের কেন্দ্রীয় সরকার বাজেটে ব্যক্তিগত করহার কমিয়েছে। ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

ক্যাপিটাল ইকোনমিকসের ডেপুটি চিফ ইমার্জিং মার্কেট ইকোনমিস্ট শিলান শাহর মতে, সামগ্রিক রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণে থাকায় অর্থনীতিতে শিথিল নীতির সুযোগ রয়েছে। এ কারণে নতুন নেতৃত্বের অধীনে আরবিএ মুদ্রানীতি শিথিল করা শুরু করবে।

ভারত সরকার জানিয়েছে, মার্চে শেষ হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব ঘাটতি জিডিপির ৪ দশমিক ৮ শতাংশে সীমিত থাকার সম্ভাবনা রয়েছে। এটি ২০২৫-২৬ অর্থবছরে ৪ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে তারা। দেশটির নীতিনির্ধারকরা আশা করছেন, অর্থনীতি আগামী অর্থবছরে ৬ দশমিক ৮ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে। চলতি অর্থবছরে ৬ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি আশা করা হচ্ছে, যা চার বছরের মধ্যে সবচেয়ে দুর্বল।

আরও