লভ্যাংশ বিতরণে ব্যর্থতা

‘জেড’ ক্যাটাগরিতে আরএকে সিরামিকস

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করায় তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডকে ‘‌এ’ থেকে ’জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে ঘোষিত লভ্যাংশ নির্ধারিত সময়ে বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করায় তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডকে ‘‌এ’ থেকে ’জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্যাটাগরি পরিবর্তনের কারণে ডিএসই থেকে সব ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের ঋণ সুবিধা না দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিকসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৪৪ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৭ পয়সায়। গত ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ১৬ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯০ কোটি ৫২ লাখ টাকা।

এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৩ পয়সা।

কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল)।

২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস-আল খাইমার গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬১ কোটি ৮৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৭২ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৯৯, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৬ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ১০ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে।

আরও