ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহযোগী অধ্যাপক হিসেবে ফিজিকেল সায়েন্সেস বিভাগের অ্যাস্ট্রোফিজিক্স গ্রুপে যোগ দিয়েছেন জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. সৈয়দ আশরাফ উদ্দিন।
পাঠদানের পাশাপাশি তিনি আইইউবির সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (কাসা) একজন কোর মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন।
পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান ও কসমোলজিতে দুই দশকের বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ড. সৈয়দ আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ার বিভিন্ন খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ও অবজারভেটরিতে কাজ করেছেন। তিনি সুপারনোভা কসমোলজি ও ‘হাবল টেনশন’ নিরসনসংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
ড. আশরাফ উদ্দিন সুপারনোভা কসমোলজির ক্ষেত্রে একজন প্রভাবশালী গবেষক। নাসা অ্যাস্ট্রোফিজিক্স ডেটা সিস্টেম অনুযায়ী, ড. উদ্দিন ৬৪টির বেশি রেফারিড গবেষণাপত্রের লেখক বা সহলেখক। যেগুলোর সাইটেশন সংখ্যা ৫ হাজার ৬০০ ছাড়িয়েছে।
তিনি অস্ট্রেলিয়ার সুইনবার্ন ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।-বিজ্ঞপ্তি