বিশ্বে ধাতব পণ্য ব্যবহারে শীর্ষ দেশ চীন। গত মাসে দেশটির মোট অপরিশোধিত অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানির পরিমাণ ছিল ৩ লাখ ৬০ হাজার টন। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ২ শতাংশ বেশি। গতকাল চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত চীনের মোট অ্যালুমিনিয়াম আমদানির পরিমাণ ছিল ২৩ লাখ ৩০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৫ শতাংশ বেশি।
দেশটিতে অ্যালুমিনিয়াম তৈরির মূল কাঁচামাল বক্সাইট আমদানিতেও বড় উল্লম্ফন ঘটেছে। জুলাইয়ে চীনে মোট বক্সাইট আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৬০ লাখ টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ২ শতাংশ বেশি। জানুয়ারি-জুলাই পর্যন্ত মোট আমদানি দাঁড়িয়েছে ১২ কোটি ৩২ লাখ ৬০ হাজার টনে, যা গত বছরের তুলনায় ৩৩ দশমিক ৭ শতাংশ বেশি।