যুক্তরাষ্ট্রে কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কয়লা শিল্পকে পুনরুজ্জীবিত করতে ৭০ কোটি ডলারের একটি বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ উদ্যোগের অর্থায়নে বিশেষ যুদ্ধকালীন ক্ষমতা ব্যবহার করছে মার্কিন প্রশাসন। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে দেশটির সাধারণ মানুষ যখন জ্বালানির উচ্চমূল্যের সঙ্গে লড়াই করছেন, ঠিক তখনই এ ঘোষণা দিলেন তিনি। খবর রয়টার্স।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে এ ঘোষণা দেয়ার সময় ট্রাম্প বলেন, ‘স্বচ্ছ ও সুন্দর কয়লার শক্তি ব্যবহার করে সব নাগরিকের জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম কমিয়ে আনতে আজ আমরা একটি ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছি।’

এ বিশাল তহবিলের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ‘ডিফেন্স প্রডাকশন অ্যাক্ট’ বা প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছেন। এটি স্নায়ুযুদ্ধের আমলের একটি বিশেষ আইন, যা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করা শিল্পগুলোকে সরাসরি আর্থিক সহায়তা দেয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টকে ব্যাপক ক্ষমতা দেয়।

পরিকল্পনা অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকা ১৪টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সচল রাখতে ৫০ কোটি ডলার খরচ করবে ফেডারেল সরকার। এ তহবিলের একটি অংশ ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে একটি নতুন রফতানি টার্মিনাল নির্মাণে ব্যবহার করা হবে। ট্রাম্প জানান, টার্মিনালটি নির্মাণের ফলে ১ হাজার ৪০০-এর বেশি কর্মসংস্থান তৈরি হবে।

পাশাপাশি মার্কিন জ্বালানি বিভাগ আরো ২০ কোটি ডলার অনুদান দেবে। এ অর্থ আলাস্কা ও ওয়েস্ট ভার্জিনিয়া রাজ্যে দুটি নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে। উল্লেখ্য, ২০১৩ সালের পর যুক্তরাষ্ট্রে এটিই প্রথম নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ।

সরকারি অর্থায়নের জন্য নির্বাচিত ১৪টি বিদ্যুৎ কেন্দ্র কেনটাকি, নর্থ ক্যারোলাইনা, ইন্ডিয়ানা, টেনেসি, আরকানসাস, অ্যারিজোনা, ওকলাহোমা, নর্থ ডাকোটা, উইসকনসিন ও ওয়েস্ট ভার্জিনিয়াসহ বেশ কয়েকটি রাজ্যে অবস্থিত। ট্রাম্পের দাবি, এ পুরো বিনিয়োগ প্যাকেজটি সব মিলিয়ে প্রায় ১৪ হাজার কর্মসংস্থান ধরে রাখতে সাহায্য করবে। এছাড়া তিনি উইন্ড পাওয়ারের মতো নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য কিছু দেশের সমালোচনাও করেন।

হোয়াইট হাউজ মনে করছে, এ উদ্যোগের ফলে মার্কিন গ্রাহকদের প্রায় ৫ হাজার কোটি ডলার সাশ্রয় হবে।

ইরানের সঙ্গে যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের তথ্যানুযায়ী, গত এপ্রিল পর্যন্ত এক বছরে মার্কিন গ্রাহকদের জন্য সামগ্রিক জ্বালানি ব্যয় ১৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

আরও