চীনের কম্যাকের কাছে ইঞ্জিন বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

চীনে কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যের বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে জেট ইঞ্জিন প্রযুক্তিও অন্তর্ভুক্ত।

চীনে কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্যের বিক্রি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে জেট ইঞ্জিন প্রযুক্তিও অন্তর্ভুক্ত। এতে চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ প্রস্তুতকারক কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না বা কম্যাকের কাছে ইঞ্জিন বিক্রি স্থগিত হয়েছে। খবর রয়টার্স।

ভবিষ্যতে এয়ারবাস ও বোয়িংয়ের মতো শীর্ষস্থানীয় কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার উদ্দেশ্য নিয়ে উড়োজাহাজ তৈরি করছে কম্যাক। কিন্তু এখনো চীনা খাতটি পুরোপুরি আমদানীকৃত ইঞ্জিনের ওপর নির্ভরশীল।

নিষেধাজ্ঞার বিষয়টি অবগত আছেন এমন দুই ব্যক্তি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কিছু দুষ্প্রাপ্য খনিজ পদার্থ রফতানির ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং। এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।

মার্কিন বাণিজ্য দপ্তর এমন কিছু লাইসেন্স স্থগিত করেছে, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো কম্যাকের সি৯১৯ উড়োজাহাজে ব্যবহৃত প্রযুক্তি ও পণ্য সরবরাহ করত। এক বিবৃতিতে মার্কিন বাণিজ্য দপ্তর জানিয়েছে, তারা কৌশলগত গুরুত্বপূর্ণ রফতানিগুলো পর্যালোচনা করছে।

বিবৃতিতে বলা হয়, কিছু ক্ষেত্রে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যমান রফতানি লাইসেন্স স্থগিত করা হয়েছে অথবা অনুমোদনের জন্য আরো যাচাই-বাছাইয়ের বিধান চালু করেছে।

বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কম্যাক কর্তৃপক্ষ।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘জাতীয় নিরাপত্তার ধারণাকে অযথা অতিরঞ্জিত করা, রফতানি নিয়ন্ত্রণে অপব্যবহার এবং চীনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা ও দমন করার বিষয়ে আমরা দৃঢ়ভাবে আপত্তি জানাই।’

কম্যাকের একক করিডোরের যাত্রীবাহী সি৯১৯ চীনে তৈরি হলেও এর অনেক যন্ত্রাংশ ও উপকরণ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। যার মধ্যে রয়েছে জেনারেল ইলেকট্রিক (জিই) অ্যারোস্পেস ও ফ্রান্সের স্যাফরানের যৌথ উদ্যোগে তৈরি এলইএপি-১সি ইঞ্জিন। তবে জিই অ্যারোস্পেস নিষেধাজ্ঞা বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ধারণা করা হয়, সি৯১৯ উড়োজাহাজ বোয়িং ও এয়ারবাসের জনপ্রিয় ন্যারো-বডি মডেলগুলোর প্রতিদ্বন্দ্বী হিসেবে ডিজাইন করা হয়েছে। ২০২২ সালে মডেলটি চীনে অভ্যন্তরীণ পরিষেবার অনুমোদন পায়। পরের বছর এটি কার্যক্রম শুরু করে। বর্তমানে ১৮টি সি৯১৯ পরিষেবা দিচ্ছে এবং যার সবগুলোই মূল ভূখণ্ড চীন ও হংকংয়ের মধ্যে চলাচল করে।

২০১৪ সালে প্রথমবার কম্যাককে এলইএপি ইঞ্জিন সরবরাহের লাইসেন্স পেয়েছিল জিই। মাঝে এ লাইসেন্স নিয়ে কথা উঠলেও ২০২০ সালের ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, ‘আমি চাই চীন আমাদের জেট ইঞ্জিন কিনুক।’

আরও