খরিপ মৌসুমের সরবরাহ শুরু

ভারতে কমতে পারে পেঁয়াজের দাম

ভারতে খরিপ মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। এতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় বাজারে মসলাপণ্যটির দাম কমতে পারে বলে জানিয়েছেন দেশটির ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ভারতে খরিপ মৌসুমের পেঁয়াজ সরবরাহ শুরু হয়েছে। এতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় বাজারে মসলাপণ্যটির দাম কমতে পারে বলে জানিয়েছেন দেশটির ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

বর্তমানে ভারতীয় বাজারে পেঁয়াজের গড় খুচরা মূল্য প্রতি কেজি ৫৪ রুপি। সরকারি ভর্তুকিতে প্রধান ভোক্তা কেন্দ্রগুলোয় পেঁয়াজ বিক্রির ফলে গত এক মাসে দাম কিছুটা কমেছে বলে জানা গেছে। দেশটির উত্তর প্রদেশে প্রতি কেজি পেঁয়াজ ৫১ দশমিক ৩৬ রুপি, বিহারে ৫৬ দশমিক ১১, মধ্যপ্রদেশে ৪৯ দশমিক ১৮ ও রাজস্থানে ৪৭ দশমিক ৫৭ রুপি দরে বিক্রি হচ্ছে। উচ্চ মূল্যের চাপ কমাতে দিল্লি-এনসিআরসহ বিভিন্ন শহরে খুচরা বাজারে ৩৫ রুপি প্রতি কেজি দরে পেঁয়াজের সংরক্ষিত মজুদ বিক্রি করছে সরকার।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সংরক্ষিত মজুদের পেঁয়াজ প্রথমবারের মতো রেলপথে প্রধান ভোক্তা কেন্দ্রগুলোয় পৌঁছানো হচ্ছে, যা বাজারে সরবরাহ বাড়াতে ভূমিকা রাখছে। মজুদ শেষ ও দাম স্থিতিশীল না হওয়া পর্যন্ত রেলপথে পেঁয়াজ পরিবহন অব্যাহত থাকবে।

গত কয়েক সপ্তাহে রেলপথে প্রায় ৪ হাজার ৮৫০ টন পেঁয়াজ দিল্লি, চেন্নাই ও গুয়াহাটিতে সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দিল্লিতে সবচেয়ে বেশি ৩ হাজার ১৭০ টন পেঁয়াজ পরিবহন করা হয়েছে। গত ২০ অক্টোবর ১ হাজার ৬০০ টন পেঁয়াজ নিয়ে প্রথম ট্রেনটি রাজধানীতে পৌঁছে।

কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার ভারতের শীর্ষ কৃষি সমবায় সংস্থা ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেডের (ন্যাফেড) মাধ্যমে আরো একটি ট্রেন ৭৩০ টন পেঁয়াজ দিল্লিতে পৌঁছে দেবে, যা সরবরাহ আরো বাড়াতে ও দাম কমাতে সাহায্য করবে।

তারা জানান, সম্প্রতি ছট পূজার কারণে শ্রমিকদের ছুটি ও বাজারে স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়ে যায়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

সূত্র জানায়, খরিপ মৌসুমের পেঁয়াজ এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে। ফলে দামও কমতে শুরু করেছে। পাশাপাশি এবার খরিপ পেঁয়াজের বপন এলাকা বেড়েছে, যা উৎপাদন বাড়াতে সহায়ক হবে।

আরও