চলমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে ক্রমে ঊর্ধ্বমুখী হচ্ছে স্বর্ণের দাম। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) চলতি বছর দুবার সুদহার কমানোর ইঙ্গিত দিয়েছে। ফলে বিশ্ববাজারে এখনো রেকর্ড সর্বোচ্চ দামে স্বর্ণ বেচাকেনা হচ্ছে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৪৭ ডলার ১০ সেন্টে স্থিতিশীল ছিল। এর আগে এটি রেকর্ড ৩ হাজার ৫৭ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে এদিন স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৪ ডলার ১০ সেন্টে স্থির হয়েছে।
হেরাস মেটালস হংকং লিমিটেডের জেনারেল ম্যানেজার ডিক পুন বলেন, ‘অস্থিতিশীল বাজার পরিস্থিতি, ভূরাজনৈতিক উত্তেজনা, দুর্বল মার্কিন ডলার ও সুদহার কমানোর প্রত্যাশা স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ।’
ফেডারেল রিজার্ভ বুধবার তাদের বেঞ্চমার্ক সুদহার ৪ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তন রেখেছে। নীতিনির্ধারকরা ২০২৫ সালের শেষ নাগাদ দুবার ২৫ শতাংশীয় পয়েন্ট হ্রাসের পূর্বাভাস দিয়েছেন।
ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মতো নীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধীর প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির দিকে ঠেলে দিয়েছে। যদিও তা সাময়িক।’
তিনি আরো বলেন, ‘ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাণিজ্যিক উত্তেজনা বেড়েছে। এগুলো সাধারণত মূল্যস্ফীতি বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’
উল্লেখ্য, চলতি বছরের এখন পর্যন্ত স্বর্ণের দাম ১৬ বার রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। এর মধ্যে চারবার এর দাম উঠেছে ৩ হাজার ডলারের ওপরে।
ব্যাংকিং ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওসিবিসি ফরেক্সের স্ট্র্যাটেজিস্ট ক্রিস্টোফার ওয়াং বলেন, ‘ভূরাজনৈতিক উদ্বেগ ও শুল্ক নিয়ে অনিশ্চয়তার কারণে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। মূল্যস্ফীতির এ সময়ে তা আরো শক্তিশালী হয়েছে।’
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে গতকাল রুপার দাম আউন্সপ্রতি ৩৩ ডলার ৮০ সেন্টে অপরিবর্তন ছিল। এ সময় প্লাটিনামের দাম দশমিক ৩ শতাংশ কমে আউন্সে ৯৮৯ ডলার ৮৫ সেন্টে নেমেছে। এ সময় প্যালাডিয়ামের দাম কমেছে ১ শতাংশ। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ৯৪৯ ডলার ৫০ সেন্টে।
এর আগে এক রিসার্চ নোটে বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এএনজেড জানায়, আগামী তিন মাসে স্বর্ণের দাম বেড়ে পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ১০০ ডলারে। পরবর্তী ছয় মাসে তা আরো ঊর্ধ্বমুখী হয়ে ৩ হাজার ২০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।