ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে থিম পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কার্যালয়। প্যারিসের কেন্দ্র থেকে প্রায় ৪৫ মিনিট উত্তর-পশ্চিমে সেরজি-পন্তোয়াজ এলাকায় পার্কটি নির্মাণ করা হবে। একই এলাকায় মোট তিনটি নতুন থিম পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির এ জায়গা আগে মিরাপোলিস নামের একটি বিনোদন পার্কের জন্য ব্যবহার হতো। পার্কটি ১৯৯১ সালে বন্ধ হয়ে যায়। এখন সে এলাকাকেই নতুন করে বড় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনটি থিম পার্ক নির্মাণ প্রকল্পে মোট বিনিয়োগ ধরা হয়েছে ৬০০ কোটি ইউরো। পুরো প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে সৌদি সরকারের তহবিল কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। অর্থাৎ ফ্রান্সের বিনোদন প্রকল্পে সৌদি আরবের সরকারি বিনিয়োগ সরাসরি যুক্ত থাকছে।
ড্রাগন বল জির জন্য থিম পার্ক তৈরির পরিকল্পনা অবশ্য নতুন নয়। সৌদি আরবেও এমন একটি থিম পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে ফ্রান্সের প্রকল্পটির বিশেষত্ব হলো, ইউরোপের মাটিতে প্রথমবারের মতো জনপ্রিয় এ অ্যানিমে সিরিজকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ থিম পার্ক গড়ে তোলা হচ্ছে।
ফ্রান্সে ড্রাগন বল জি থিম পার্ক তৈরির আলোচনা শুরু হয় প্রায় দেড় বছর আগে। তখন মাখোঁ ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। দুজনেরই ড্রাগন বল জির প্রতি আগ্রহ রয়েছে বলে নথিতে উল্লেখ করা আছে।
প্রকল্পটিকে শুধু বিনোদন খাতের বিনিয়োগ হিসেবে দেখছে না ফ্রান্স। মাখোঁ জানান, তিনটি থিম পার্ক মিলিয়ে প্রায় ২২ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে।
কর্মসংস্থানের এ সংখ্যা প্রকল্পটির সম্ভাব্য আকারও বোঝায়। তুলনা হিসাবে বলা যায়, টোকিও ডিজনিল্যান্ড ও ডিজনিসি এবং সংশ্লিষ্ট হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ওরিয়েন্টাল ল্যান্ডে বর্তমানে প্রায় ২৭ হাজার ব্যক্তি কাজ করেন। অর্থাৎ ফ্রান্সের নতুন তিনটি পার্ক চালু হলে সেখানে কর্মসংস্থানের পরিমাণ একটি বড় আন্তর্জাতিক বিনোদন প্রতিষ্ঠানের কাছাকাছি যেতে পারে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এ বিনিয়োগের জন্য কিদ্দিয়া ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন। তার মতে, এ বিনিয়োগ ফ্রান্সের প্রতি সৌদি আরবের আস্থা এবং দেশটির ভবিষ্যৎ সম্ভাবনার ওপর বিশ্বাসের প্রতিফলন।
ড্রাগন বল জিকে কেন্দ্র করে আলাদা থিম পার্ক তৈরি করা বিনোদন ব্যবসার জন্যও একটি উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করছেন অনেকে। সাধারণত বড় থিম পার্কগুলো একটি নির্দিষ্ট চরিত্র বা সিরিজের বদলে একাধিক সিনেমা, চরিত্র ও বিনোদন ব্র্যান্ডকে একসঙ্গে উপস্থাপন করে। সেদিক থেকে শুধু ড্রাগন বল জিকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ থিম পার্ক নির্মাণের উদ্যোগ ব্যতিক্রমী বলে মনে করেন বিনোদন খাতসংশ্লিষ্টরা।
ফ্রান্সের পার্কটি কবে চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি ঘোষণা করা হয়নি।
খবর: জাপান টুডে