গত মঙ্গলবার জাপানের ফেয়ার ট্রেড কমিশন (জেএফটিসি) অভিযানটি পরিচালনা করে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে জাপান টুডে।
অ্যান্টিমনোপলি বা বাজার একচেটিয়াবিরোধী আইন লঙ্ঘনের অভিযোগে যে ছয়টি প্রতিষ্ঠানের কার্যালয়ে তল্লাশি চালানো হয়েছে, সেগুলো হলো মেইজি, মোরিনাগা মিল্ক ইন্ডাস্ট্রি, লোট্টে কোম্পানি, এজাকি গ্লিকো, মোরিনাগা অ্যান্ড ও আকাগি জিউগিও।
জাপানের আইসক্রিম খাতে মূল্য নির্ধারণ নিয়ে এ ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে এটিই প্রথম বড় তদন্ত।
তদন্তকারীদের ধারণা, ছয়টি কোম্পানি গত কয়েক বছর নিজেদের মধ্যে ই-মেইল আদান-প্রদান ও নিয়মিত বৈঠকের মাধ্যমে যোগাযোগ করে আসছিল। এর মাধ্যমে কর্মকর্তারা আইসক্রিম ও অন্যান্য ফ্রোজেন ডেজার্টের খুচরা মূল্য কখন ও কতটা বাড়ানো হবে, তা আগে থেকেই ঠিক করে রাখত।
জাপানের শিল্প গোষ্ঠীর তথ্য অনুযায়ী, গরমের তীব্রতা বৃদ্ধি ও দাম বাড়ানোর কারণে দেশটিতে আইসক্রিমের বাজার কয়েক বছর ধরে টানা বাড়ছে। ২০১৫ অর্থবছরে জাপানে আইসক্রিম ও ফ্রোজেন ডেজার্টের বাজার রেকর্ড ৬৬৩ দশমিক ১ বিলিয়ন ইয়েন বা প্রায় ৪০০ কোটি ডলারে পৌঁছেছে।