তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিক্রি বেড়েছে ১০ দশমিক ৫৬ শতাংশ। বিক্রি বাড়লেও আলোচ্য সময়ে কোম্পানিটির নিট লোকসান বেড়েছে ১৪ দশমিক ৪৯ গুণ। কোম্পানিটির এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানা গেছে।
তথ্যানুসারে, সমাপ্ত ২০২৫ হিসাব বছরে আরএকে সিরামিকসের বিক্রি হয়েছে ৭৩৭ কোটি ৩৩ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬৬ কোটি ৯৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৯ কোটি ৫৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২ কোটি ৭৩ লাখ টাকা।
সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়।
কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি গ্যাস সরবরাহে বিঘ্ন ও মূলধনের জোগান দিতে ২০২৫ সালের জুন পর্যন্ত ব্যাংক ঋণ নেয়ায় আর্থিক ব্যয় বেড়ে গেছে। এছাড়া দীর্ঘদিনের পুরনো মজুদ পণ্যের বিপরীতে প্রভিশন ও রাইট-অফ বৃদ্ধির কারণে নিট লোকসান বেড়েছে।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ মার্চ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৫ পয়সায়।
আরএকে সিরামিকসের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস পিএলসি (সিআরআইএসএল)।
২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস-আল খাইমার গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৬১ কোটি ৮৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১। এর ৭২ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ১৪, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।