নিম্ন আয়ের মানুষের জন্য আবারো ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে মাসব্যাপী এ কার্যক্রম শুরু করছে সংস্থাটি। টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
টিসিবি জানিয়েছে, স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য (ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল) বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ থেকে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরীসহ বেশ কয়েকটি জেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।
টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্যতেল (সয়াবিন বা কুঁড়ার তেল), দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা ও চিনি ৮০ টাকায় বিক্রি করবে সংস্থাটি। এতে ট্রাক থেকে তিনটি পণ্য কিনতে একজন গ্রাহকের মোট ব্যয় হবে ২৬৫ টাকা।
টিসিবি জানিয়েছে, ঢাকা মহানগরীতে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩০ দিন (শুক্রবার ছাড়া) এ বিক্রয় কার্যক্রম চলবে। এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুর মহানগরীতে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুর জেলায় চারটি, পটুয়াখালী জেলায় পাঁচটি ও বাগেরহাট জেলায় পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এসব মহানগরী ও জেলায় ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৯ দিন (শুক্রবার ছাড়া) পণ্য বিক্রি করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি ট্রাকে ৫০০ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এর পাশাপাশি টিসিবির স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে সারা দেশে পণ্য বিক্রির নিয়মিত কার্যক্রম চলবে।