আইডিএলসি ইনকাম ফান্ডের ৬.২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বেমেয়াদি মিউচুয়াল ফান্ড আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৬ দশমিক ২৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে আইডিএলসি ইনকাম ফান্ডের নিট আয় হয়েছে ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৯০৬ টাকা। ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮৬ পয়সা। বাজারমূল্যে ফান্ডের ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকায়। এর ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ হয়েছে ৭২ পয়সা। ২০২৫-২৬ হিসাব বছরে ফান্ডটির বার্ষিক রিটার্ন এসেছে ১০ দশমিক ১৫ শতাংশ। ৩০ জুন ২০২৬ তারিখে যেসব ইউনিটহোল্ডারের কাছে আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিট ছিল, তারাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিটহোল্ডাররা ২০২১-২২ হিসাব বছরে ৪ দশমিক ৮৫ শতাংশ, ২০২২-২৩ হিসাব বছরে ৬ দশমিক ৯০ শতাংশ, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ হিসাব বছরে ৭ শতাংশ হারে নগদ লভ্যাংশ পেয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে ফান্ডটি লভ্যাংশসহ বার্ষিক গড়ে ৯ দশমিক ২৯ শতাংশ হারে রিটার্ন দিয়েছে।

আরও