টানা চতুর্থ মাস হিসেবে এপ্রিলে বিশ্বব্যাপী উৎপাদন ও বিক্রি বেড়েছে টয়োটা মোটর করপোরেশনের। জাপানি অটো জায়ান্টটি গতকাল জানিয়েছে, বৈশ্বিক হাইব্রিড গাড়ির চাহিদা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্কজনিত আগাম কেনাবেচার সুফল পেয়েছে তারা। খবর রয়টার্স ও কিয়োডো নিউজ।
বিশ্বের বৃহৎ গাড়ি প্রস্তুতকারক টয়োটা গত মাসে ২০২৪ সালের এপ্রিলের তুলনায় বিশ্বব্যাপী গাড়ি বিক্রি করেছে ১০ শতাংশ বেশি। যার পরিমাণ ৮ লাখ ৭৬ হাজার ৮৬৪ ইউনিট। যুক্তরাষ্ট্রেও বিক্রি একই হারে বেড়েছে। এর বড় কারণ হলো শুল্ক আতঙ্কজনিত আগাম বেচাকেনা।
চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) টয়োটার বৈশ্বিক মোট বিক্রির প্রায় ৪৪ শতাংশই ছিল হাইব্রিড গাড়ি।
এপ্রিলে কোম্পানিটির বৈশ্বিক গাড়ি উৎপাদন ৮ শতাংশ বেড়ে হয়েছে ৮ লাখ ১৪ হাজার ৭৮৭ ইউনিট। এ সময় উৎপাদন বেড়েছে জাপান, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং চীনের প্লান্টগুলোয়। উৎপাদন ও বিক্রির এ পরিসংখ্যানে অন্তর্ভুক্ত রয়েছে টয়োটার বিলাসবহুল ব্র্যান্ড লেক্সাস।
এদিকে টয়োটা আর্থিক পূর্বাভাসে জানিয়েছে, মার্চে শেষ হওয়া অর্থবছরে কোম্পানির নিট মুনাফা ৩৪ দশমিক ৯ শতাংশ কমে ৩ দশমিক ১ ট্রিলিয়ন ইয়েন বা ২ হাজার ১০০ কোটি ডলার হতে পারে। এর পেছনে অনুঘটক হিসেবে রয়েছে ট্রাম্পের শুল্কনীতি ও ইয়েনের শক্তিশালী অবস্থান।
জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক হোন্ডা মোটর কোম্পানিও যুক্তরাষ্ট্রে চাহিদা বৃদ্ধির সুফল পেয়েছে এপ্রিলে। এখানে তাদের বিক্রি ১৮ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ ইউনিট। তবে সামগ্রিকভাবে হোন্ডার বৈশ্বিক বিক্রি এপ্রিলে ৪ দশমিক ৮ শতাংশ কমে হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৯৫৫ ইউনিট। বিশেষ করে চীনে ৪০ দশমিক ৭ ও জাপানে ১০ দশমিক ১ শতাংশ পতন দেখেছে কোম্পানিটি।
জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা নিশান মোটর কোম্পানি বর্তমানে ব্যবসা পুনর্গঠনকে বেশি গুরুত্ব দিচ্ছে। এপ্রিলে তাদের বৈশ্বিক বিক্রি ৭ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৭২৯ ইউনিট। এর প্রধান কারণ যুক্তরাষ্ট্রে ৩ দশমিক ৭ ও চীনে ১৫ দশমিক ৭ শতাংশ হারে বিক্রি কমে যাওয়া।