দুই দশকের পথচলা পেরিয়ে নবম আসর নিয়ে ফিরছে দেশের রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাঁধুনী’র আয়োজনে এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’। প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা পুরস্কার। প্রথম ও দ্বিতীয় রানারআপের জন্য পুরস্কার যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।
রাজধানীর একটি হোটেলে গতকাল সংবাদ সম্মেলনে নবম আসরের ঘোষণা দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুণ্ডু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী মৌ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সেরা রাঁধুনীর এবারের আসরে বিচারক হিসেবে থাকছেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লা মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনয়শিল্পী জয়া আহসান।
অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সিইও মো. পারভেজ সাইফুল ইসলাম বলেন, ‘২০ বছর আগে রান্নার মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে মানুষের জীবন বদলের স্বপ্ন নিয়ে সেরা রাঁধুনীর যাত্রা করেছিল। নবম আসরে এ উদ্যোগ আরো বড় পরিসরে এগিয়ে যাবে।’
এ সময় মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকমের পক্ষে অজয় কুমার কুণ্ডু দুই দশকের অর্জন ও সম্প্রচারের প্রস্তুতি তুলে ধরেন। অন্যদিকে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিপণন প্রধান ইমতিয়াজ ফিরোজ গত ২০ বছরে সেরা রাঁধুনীর মাধ্যমে জীবন বদলে যাওয়া নতুন উদ্যোক্তা ও শেফদের অভিজ্ঞতার পাশাপাশি নবম আসর নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান।
সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার নতুন লোগো ও প্রচারণামূলক কনটেন্ট উন্মোচন করা হয়। একই সঙ্গে শুরু হয় নিবন্ধন কার্যক্রম।
১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশী নাগরিক এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর। ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে রেসিপি ও প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে আবেদন করা যাবে।
দেশের বিভিন্ন বিভাগে অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও পর্বের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও পর্বে রান্নার স্বাদের পাশাপাশি পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী দক্ষতা ও নেতৃত্বগুণ মূল্যায়ন করবেন বিচারকরা।
উল্লেখ্য, সেরা রাঁধুনী সিজন ৯-এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড। অনুষ্ঠানটি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।