এপ্রিল-জানুয়ারি

পরিশোধিত ইস্পাত আমদানিতে রেকর্ড ভারতের

ভারত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) রেকর্ড ইস্পাত আমদানি করেছে।

ভারত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (এপ্রিল-জানুয়ারি) রেকর্ড ইস্পাত আমদানি করেছে। এ সময় মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ লাখ টনে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩ শতাংশ বেশি। সরকারের প্রাথমিক প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। তথ্যানুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরেও দেশটি ইস্পাতের নিট আমদানিকারক ছিল। এপ্রিল-জানুয়ারি পর্যন্তও দেশটি এ অবস্থান ধরে রেখেছে।

উল্লেখ্য, রফতানির তুলনায় আমদানি বেশি হলে তাকে নিট আমদানিকারক বলা হয়। বেশির ভাগ ইস্পাত চীন থেকে আমদানি করে থাকে ভারত।

ইস্পাত আমদানি নিয়ন্ত্রণে গত ডিসেম্বরে সাময়িক শুল্ক আরোপের বিষয়ে পর্যালোচনা করেছিল ভারত সরকার। এ ধরনের শুল্ক স্থানীয়ভাবে ‘সুরক্ষা শুল্ক’ নামে পরিচিত। সম্প্রতি ভারতের ইস্পাতমন্ত্রী জানিয়েছেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইস্পাত আমদানিতে ১৫-২৫ শতাংশ পর্যন্ত সাময়িক শুল্ক আরোপ করা হতে পারে।

চীনসহ বিভিন্ন দেশ থেকে আসা কম দামের ইস্পাত ভারতে বাজারদর কমিয়ে দিয়েছে। এতে জেএসডব্লিউ স্টিল ও স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের মতো শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়ছে।

বিগমিন্টের তথ্যানুযায়ী, সেপ্টেম্বর-ডিসেম্বর প্রান্তিকে হট-রোল্ড কয়েল ইস্পাতের অভ্যন্তরীণ দাম বার্ষিক হিসেবে ১৫ শতাংশ কমেছে।

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ভারতের পরিশোধিত ইস্পাত রফতানি কমে ৪০ লাখ টনে দাঁড়িয়েছে, যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন ও আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কম।

তবে একই সময় অভ্যন্তরীণ বাজারে ইস্পাতের ব্যবহার বেড়েছে। এ সময় ব্যবহার অন্তত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ১২ কোটি ৪৮ লাখ টনে পৌঁছেছে। এপ্রিল-জানুয়ারি পর্যন্ত ভারতে অপরিশোধিত ইস্পাত উৎপাদন ১২ কোটি ৪৯ লাখ টনে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ শতাংশ বেশি।

আরও