জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আশাতীত আয় করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বছরের প্রথম তিন মাসে তাদের আয় ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪ কোটি ডলারে, যা বিশ্লেষকদের ১ হাজার ৫২ কোটি ডলারের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। খবর সিএনবিসি।
নেটফ্লিক্স বৃহস্পতিবার জানিয়েছে, প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ২৮৯ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৬ ডলার ৬১ সেন্ট, যেখানে বাজার বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৫ ডলার ৭১ সেন্টের। গত বছরের একই প্রান্তিকে মুনাফা হয়েছিল ২৩৩ কোটি ডলার বা শেয়ারপ্রতি ৫ ডলার ২৮ সেন্ট।
আয় বৃদ্ধির মূল কারণ হিসেবে স্ট্রিমিং প্লাটফর্মটি জানিয়েছে, জানুয়ারির শেষ দিকে বিভিন্ন সাবস্ক্রিপশন প্যাকেজে মূল্যবৃদ্ধি ও বিজ্ঞাপন থেকে বাড়তি আয়। এখন তাদের স্ট্যান্ডার্ড প্ল্যান প্রতি মাসে ১৭ ডলার ৯৯ সেন্ট, বিজ্ঞাপনসহ প্ল্যান ৭ ডলার ৯৯ সেন্ট ও প্রিমিয়াম প্ল্যান ২৪ ডলার ৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।
প্রথম প্রান্তিকে প্রথমবারের মতো গ্রাহকসংখ্যা প্রকাশ না করে আয়সহ অন্যান্য আর্থিকসংক্রান্ত তথ্যকেই গুরুত্ব দিয়েছে নেটফ্লিক্স। এ কৌশলগত পরিবর্তনের মাধ্যমে তারা বিজ্ঞাপন সম্পর্কিত ব্যবসাকে আরো বিস্তৃত করার দিকে নজর দিচ্ছে।
প্রতিষ্ঠানটির কো-সিইও গ্রেগ পিটার্স বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও মার্কিন শুল্কনীতি সত্ত্বেও তাদের ব্যবসায়িক কার্যক্রমে বড় কোনো প্রভাব পড়েনি। বিনোদন খাত বরাবরই সংকটকালীন সময়ে টিকে থাকতে সক্ষম, নেটফ্লিক্সও তার ব্যতিক্রম নয়।’
এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্রে নিজস্ব বিজ্ঞাপন প্রযুক্তি প্লাটফর্ম চালু করেছে নেটফ্লিক্স। ধাপে ধাপে তা অন্য দেশেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস প্লাটফর্মটির মাধ্যমে আরো নিখুঁত বিজ্ঞাপন লক্ষ্য নির্ধারণ, নতুন ফরম্যাট ও উন্নত পরিমাপ সুবিধা প্রদান সম্ভব হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ পঞ্জিকাবর্ষে কোম্পানিটি আয়ের লক্ষ্যমাত্রা ৪ হাজার ৩৫০ থেকে ৪ হাজার ৪৫০ কোটি ডলারের মধ্যে পরিবর্তিত থাকছে। প্রতিবেদন প্রকাশের পর কোম্পানির শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে।