যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশী পণ্যের রফতানি বাড়াতে গোলটেবিল বৈঠক

যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিসিটিএস) সুবিধার আওতায় দেশটির বাজারে বাংলাদেশী পণ্যের রফতানি বাড়াতে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে গতকাল এ বৈঠকের আয়োজন করা হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাস এবং বাংলাদেশী পণ্য রফতানির প্রতিবন্ধকতাগুলো দূরীকরণের উপায় খোঁজা ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান। সভাপতিত্ব করেন ইপিবি ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। এতে বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের সভাপতি ও মনোনীত প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে দেশের ওষুধ শিল্প খাতকে বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়। এ সময় বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) নির্বাহী কমিটির সদস্য এবং ওয়ান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক কেএসএম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, এরই মধ্যে বেশকিছু বাংলাদেশী ওষুধ কোম্পানির পণ্য যুক্তরাজ্যের রেগুলেটরি প্রয়োজনীয়তা পূরণ করে সেখানে নিবন্ধিত হয়েছে এবং বাজারে প্রবেশের অধিকার পেয়েছে। তবে অন্যান্য সাধারণ কোম্পানির জন্য এ বাজারে প্রবেশ সহজ করতে রেগুলেটরি জটিলতা এবং বিশেষ করে ‘বায়ো-এফিকেসি সার্টিফিকেট’ নেয়ার ক্ষেত্রে বিশাল অংকের ব্যয় হয়, যা বাংলাদেশের জন্য সহজ করার প্রস্তাব দেন তিনি।

বৈঠকে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার আশ্বস্ত করেন যে ভবিষ্যতে তারা বিভিন্ন খাতের সমস্যাগুলো নিয়ে আলাদাভাবে আলোচনায় বসবেন।

আরও