সরবরাহ বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে খুচরা পর্যায়ে কেজিতে ১০-১২ টাকা পর্যন্ত দাম কমেছে। ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, বাজারে সম্প্রতি চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় রসুনের দাম কমতির দিকে।
গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে মান ও প্রকারভেদে প্রতি কেজি ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে, যা ১৫ দিন আগেও কেজিতে ১০-১২ টাকা দাম বেশি ছিল। ব্যবসায়ীরা জানান, কোরবানি ঈদ-পরবর্তী সময়ে বাজারে সরবরাহ বাড়ায় খুচরা পর্যায়ে রসুনের দাম কিছুটা কমেছে।
সুলতানপুর বড় বাজারের পাইকারি মসলা আড়তে গতকাল মাঝারি ধরনের রসুন প্রতি মণ ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে বড় সাইজের রসুন প্রতি মণ বিক্রি হয়েছে ২ হাজার ৬০০ টাকা দরে। দুই সপ্তাহ আগেও প্রতি মণ ২০০-২৪০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, রসুনসহ অন্য মসলাজাত পণ্যের দাম কিছুটা কমেছে।
সাতক্ষীরার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম জানান, চলতি ২০২৫-২৬ মৌসুমে জেলায় ৩ হাজার ৪০৫ টন রসুন উৎপাদন হয়েছে। তিনি বলেন, ‘শুধু রসুন নয়, অন্য মসলাজাত পণ্য উৎপাদনে জেলার কৃষকরা আগ্রহী নন।’