আমদানি বাড়ার পরও সাতক্ষীরায় কমছে না আদার দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে চল‌তি অর্থবছ‌রের (২০২৫-২৬) প্রথম দুই মা‌সে (জুলাই-আগস্ট) আদা আমদানি উল্লেখযোগ্য বেড়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দি‌য়ে চল‌তি অর্থবছ‌রের (২০২৫-২৬) প্রথম দুই মা‌সে (জুলাই-আগস্ট) আদা আমদানি উল্লেখযোগ্য বেড়েছে। তবে আমদানি বাড়ার পরও অঞ্চলটিতে পণ্যটির দাম কমছে না বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। গতকাল সাতক্ষীরা জেলা সদ‌রের সুলতানপুর বড় বাজা‌র ঘুরে এ তথ্য জানা গেছে।

সরজমিনে দেখা যায়, সুলতানপুর বড় বাজা‌রের মেসার্স সরদার স্টো‌রে খুচরায় বর্তমানে আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৫৫-১৬০ টাকায়। দেড় থে‌কে দুই মাস আগেও একই দামে আদা বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির স্বত্বা‌ধিকারী আব্দুল হা‌কিম। তি‌নি ব‌লেন, ‘‌পাইকারিতে দাম না কমায় খুচরা বাজা‌রে আমদানি বৃদ্ধির প্রভাব পড়ছে না।’

এদি‌কে ভোমরা শুল্ক স্টেশ‌নের রাজস্ব বিভাগ থে‌কে জানা গে‌ছে, ২০২৫-২৬ অর্থবছ‌রের জুলাই-আগস্ট পর্যন্ত এ বন্দর দি‌য়ে আদা আমদানি হ‌য়ে‌ছে ৯ হাজার ৭৩৯ টন। যার মূল্য ছিল ১১৮ কো‌টি ৪৬ লাখ টাকা। গত অর্থবছ‌রের প্রথম দুই মা‌সে এ বন্দর দিয়ে ৬ কো‌টি ৬৪ লাখ টাকা মূল্যের ৫৫২ টন আদা আমদানি হয়েছিল। এ হিসাব অনুযায়ী, চল‌তি অর্থবছ‌রের প্রথম দুই মা‌সে ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি বেড়েছে ৯ হাজার ১৮৭ টন।

ব্যবসায়ী ও আমদা‌নিকারকরা বল‌ছেন, দে‌শের বাজা‌রে চাহিদা ভালো থাকায় আদা আমদানি বাড়ানো হয়েছে।

ভোমরা স্থলবন্দ‌রের মস‌লাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বা‌ধিকারী মো. আবু হাসান ব‌লেন, ‘‌দে‌শের মসলা বাজারে চা‌হিদা বাড়ায় সম্প্রতি তার প্রতিষ্ঠা‌নে আদা আমদা‌নি বাড়ানো হয়েছে ক‌য়েক গুণ।’

সাতক্ষীরা জেলা কৃ‌ষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ ব‌ণিক বার্তা‌কে জানান, বন্দ‌র দিয়ে আমদা‌নি বাড়ার পরও সাতক্ষীরার মসলা বাজা‌রে আদার দাম না কমার কারণ খতিয়ে দেখা হবে।

আরও