কোম্পানি ও ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে সরকার। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পৃথক দুই আদেশে এ তথ্য জানানো হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, ব্যক্তি শ্রেণীর করদাতারা আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ও কোম্পানি শ্রেণীর করদাতারা নতুন বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন।
আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। আর কোম্পানি শ্রেণীর করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময়সীমা ছিল নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেয়া হবে।
এনবিআরের দ্বিতীয় সচিব এইচএম শাহরিয়ারের সই করা আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর উপ-ধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সব করদাতার, ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করল।
পৃথক আরেক আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর উপ-ধারা (ক) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস ২০২৫ সালের ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করল। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই এ নতুন সময়সীমা কার্যকর হবে।