৬০০ ডলারের সাশ্রয়ী ম্যাকবুক উন্মোচন করল অ্যাপল

বিশ্বজুড়ে সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ বাজারের দখল নিতে ‘ম্যাকবুক নিও’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

গত বুধবার উন্মোচিত ল্যাপটপটির প্রাথমিক দাম ধরা হয়েছে ৫৯৯ ডলার (বাংলাদেশী মুদ্রায় ৬৫ হাজার টাকার বেশি)। ক্রোমবুক ও কম মূল্যের উইন্ডোজ পিসির সঙ্গে প্রতিযোগিতায় নামা এবং শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা বাড়ানোই এ পদক্ষেপের লক্ষ্য বলে মনে করছেন অনেকে। খবর রয়টার্স।

অ্যাপল জানিয়েছে, নতুন ম্যাকবুক নিওতে ব্যবহার করা হয়েছে এ১৮ প্রো চিপ, যা ২০২৪ সালে প্রকাশিত আইফোন ১৬ প্রো মডেলে ব্যবহার হয়েছিল। মূল্যের দিক থেকে এটি ২০০৬ সালে বাজারে আসা আগের মডেলগুলোর তুলনায় অনেক কম। সে সময় একটি নন-প্রো ম্যাকবুকের দাম ছিল ১ হাজার ৯৯ ডলার, যা বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী প্রায় ১ হাজার ৭৫০ ডলারের সমান।

গত বুধবার থেকেই গ্রাহকরা নতুন এ ডিভাইসের জন্য অগ্রিম অর্ডার দিতে পারছেন। ১১ মার্চ থেকে এটি সরাসরি দোকানে পাওয়া যাবে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির সহসভাপতি ফ্রান্সিসকো জেরোনিমো জানান, কম দামে ম্যাকবুক বিক্রি করা অ্যাপলের জন্য বড় চ্যালেঞ্জ নয়। তবে মান ও ব্র্যান্ডের প্রিমিয়াম অবস্থান বজায় রাখাই হবে মূল চ্যালেঞ্জ। এটি সফল হলে তা অ্যাপলের ইতিহাসে অন্যতম সর্বাধিক বিক্রীত ম্যাক হতে পারে। ২০২০ সালে ওয়ালমার্টের মাধ্যমে ৬৯৯ ডলারে এম১ চিপের একটি বিশেষ ম্যাকবুক এয়ার বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি।

নতুন এ ম্যাকবুক মূলত গুগল ক্রোমবুক ও নিম্নমূল্যের উইন্ডোজ কম্পিউটার ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে। বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকটের কারণে এতে ৮ গিগাবাইট র‍্যাম রাখা হয়েছে, যা এম৪ চিপভিত্তিক ম্যাকবুকের তুলনায় অর্ধেক।

এদিকে চলতি সপ্তাহেই অ্যাপল ৫৯৯ ডলারের আইফোন ১৭ই এবং এম৫ চিপসহ নতুন ম্যাকবুক এয়ার ও প্রো বাজারে ছেড়েছে। মূলত শিক্ষার্থী ও নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করতেই অ্যাপল তাদের এ সাশ্রয়ী কৌশল বেছে নিয়েছে।

আরও