সেমিনারে রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক লেনদেনের ওপর নির্ভরশীল নয়

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক লেনদেনের ওপর নির্ভরশীল নয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক লেনদেনের ওপর নির্ভরশীল নয়। কিছু দেশ যেভাবে আর্থিক সহায়তা ও ঋণের সঙ্গে শ্রম বা অবকাঠামো চুক্তিকে যুক্ত করে, দক্ষিণ কোরিয়া তেমন শর্ত আরোপ করে না। আমাদের মনোযোগ হলো সত্যিকারের অংশীদারত্বে, কে বেশি লাভ করে তার ওপর নয়।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে গতকাল ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্ক: ভবিষ্যতের সহযোগিতার পথ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘ভারত, চীন ও জাপানের মতো দেশগুলো প্রায়ই সাহায্য চুক্তির অংশ হিসেবে গ্রহীতা দেশগুলোকে তাদের কর্মী নিয়োগ আবশ্যক করে। কিন্তু দক্ষিণ কোরিয়া ভিন্ন মডেল অনুসরণ করে।’

দক্ষিণ কোরিয়াকে প্রতিবেশী দেশগুলো থেকে আলাদা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও দুই কোরিয়ার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, তবে আমরা মৌলিকভাবে আলাদা। দক্ষিণ কোরিয়া শান্তি ও সহযোগিতা প্রচার করে, যেখানে উত্তর কোরিয়া সামরিকীকরণের পথ অবলম্বন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাওসাল আযম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

সেমিনারে বিআইআইএসএসের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির ‘বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সম্পর্কের বিভিন্ন মাত্রা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

আরও