ক্রেতা চাহিদা পূরণে কারখানা বড় করছে রোলস-রয়েস

ধনী ক্রেতাদের কাছে কাস্টমাইজড মডেলের গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে।

ধনী ক্রেতাদের কাছে কাস্টমাইজড মডেলের গাড়ির চাহিদা দিন দিন বাড়ছে। বিষয়টি আমলে নিয়ে এ পরিষেবা আরো সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রিমিয়াম গাড়ি নির্মাতা রোলস-রয়েস। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, যুক্তরাজ্যের গুডউডের কারখানা ও বৈশ্বিক সদর দপ্তর সম্প্রসারণ করবে তারা। এ কার্যক্রমে ব্যয় হবে ৩০ কোটি পাউন্ডের বেশি অর্থ। ১২০ বছর পুরনো এ ব্রিটিশ ব্র্যান্ড ২০০৩ সাল থেকে জার্মান অটো নির্মাতা বিএমডব্লিউর পূর্ণ নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। একই বছরে ওয়েস্ট সাসেক্সের এ কারখানা চালু করে। রোলস-রয়েস জানিয়েছে, এ সম্প্রসারণ যুক্তরাজ্যে কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম নিশ্চিত করবে। গত বছর রোলস-রয়েস ৫ হাজার ৭১২টি গাড়ি বিক্রি করেছে, যা কোম্পানির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সরবরাহ। মূলধারার নির্মাতাদের লাখ লাখ গাড়ি সরবরাহের তুলনায় এ সংখ্যা ক্ষুদ্র মনে হলেও রোলস-রয়েস উচ্চ মূল্যের বিলাসবহুল বাজারে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তাদের সবচেয়ে সাশ্রয়ী মডেল ঘোস্ট সেলুনের প্রারম্ভিক মূল্য আড়াই লাখ পাউন্ড। কুলিনান এসইউভি ও বিদ্যুচ্চালিত স্পেক্টার মডেলের প্রারম্ভিক মূল্য ৩ লাখ ৪০ হাজার পাউন্ড। তবে অন্য মডেলের তুলনায় কাস্টমাইজড মডেলের দাম ব্যাপকভাবে পরিবর্তন হতে পারে। সবচেয়ে জটিল ডিজাইনের ক্ষেত্রে চূড়ান্ত মূল্য গাড়ির ভিত্তিমূল্যের কয়েক গুণ হতে পারে। খুব কমসংখ্যক ক্রেতা এত ব্যয়বহুল গাড়ি কিনতে সক্ষম। এর মধ্যে রয়েছেন নিজেদের সম্পদ প্রদর্শন করতে আপত্তি করেন না এমন সেলিব্রিটিরা। কাস্টমাইজড মডেলের ক্ষেত্রে রোলস-রয়েস অসংখ্য ডিজাইন থেকে বেছে নেয়ার সুযোগ দেয়। যেখানে হলোগ্রাফিক পেইন্টসহ হাতে সেলাই করা সূক্ষ্ম সূচিকর্মের এক্সক্লুসিভ শিল্পকর্ম যোগ করার সুযোগ রয়েছে। এমনকি একটি মডেলে ১৮-ক্যারেট স্বর্ণ ব্যবহার করা হচ্ছে। অবশ্য এখন আর রোলস-রয়েস একা নয় বেন্টলি, ম্যাকলারেন ও ফেরারির মতো অন্য উচ্চ মূল্যের গাড়ি নির্মাতারাও কাস্টমাইজেশন প্রস্তাব করে আসছে। খবর বিবিসি ও ছবি রোলস-রয়েস

আরও