এ উপলক্ষে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ডেপুটি গভর্নর নুরুন নাহারের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা এবং ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র বিনিময় করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম এবং দেড় হাজার কোটি টাকার ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই) কর্মসূচির আওতায় এ দুটি চুক্তি সম্পন্ন হয়েছে। এ অংশীদারত্বের আওতায় যোগ্য উদ্যোক্তারা বার্ষিক মাত্র ৭ শতাংশ সুদহারে অর্থায়ন সুবিধা পাবেন। এর ফলে স্বল্প খরচে ব্যবসা সম্প্রসারণ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
ওয়ান ব্যাংক বলছে, এ দুই পুনঃঅর্থায়ন কর্মসূচির মাধ্যমে ক্লাস্টারভিত্তিক শিল্প ও সিএমএসএমই খাতের বিকাশ ত্বরান্বিত হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকটি স্থানীয় উদ্যোক্তা ও উদ্ভাবনকে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং ওয়ান ব্যাংকের হেড অব কমার্শিয়াল অ্যান্ড এসএমই বিজনেস নেওয়াজ খালিদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।