বিইউএফটিতে দুই দিনব্যাপী ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে গতকাল এ আয়োজনের উদ্বোধন করেন নিউ এশিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ মতিন চৌধুরী। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এন্ডইর ব্যবস্থাপনা পরিচালক সায়েদ আরেফিন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

প্রধান অতিথির বক্তব্যে এ মতিন চৌধুরী শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার দক্ষতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘গ্রেড বা ডিগ্রি দিয়ে জীবন চলে না। ইংরেজি ভাষাগত দক্ষতা না থাকায় আমাদের অন্যের লিডারশিপ মেনে নিতে হচ্ছে।’

বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের সহযোগিতায় এ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং সংশ্লিষ্ট খাতের শতাধিক প্রতিষ্ঠান, চার হাজারের বেশি চাকরিপ্রার্থী অংশ নিয়েছে। এ সময় শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের কাছে চাকরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার প্রদানের সুযোগ দেয়া হয়। এছাড়া কর্মশালা, সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে।

আজ সমাপনী আয়োজনে বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির, বিজিবিএর সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল ও বিজিএপিএমইএর সভাপতি আল শাহরিয়ার উপস্থিত থাকবেন।

আরও